ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় ছবি ‘রইদ’। মুক্তির পর থেকে দারুণ সাড়া পাচ্ছে ছবিটি। সমালোচকদের প্রশংসা যেমন মিলছে, তেমনি বাণিজ্যেও দারুণ করছে এটি। এবার এলো আরেকটি সুখবর। যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে ‘রইদ’; তাও আবার প্রায় ৫০টি শহরে!
খবরটি জানিয়েছেন বায়স্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ। তার প্রতিষ্ঠান এ পর্যন্ত ৫৪টি বাংলা ছবি উত্তর আমেরিকায় পরিবেশন করেছে। এবার ৫৫তম ছবি হিসেবে ‘রইদ’ দেখাবে তারা। এ মাসের শেষ সপ্তাহেই মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।
রাজ হামিদ বলেন, “গত কয়েক বছরে প্রবাসে বাংলা চলচ্চিত্রের একটি শক্তিশালী দর্শকগোষ্ঠী তৈরি হয়েছে। সেজন্য ‘রইদ’কে আমাদের ৫৫তম পরিবেশনা হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরা হচ্ছে। সেই সঙ্গে ছবিটিকে অস্কার কোয়ালিফাইং রাউন্ডে জমা দেওয়ার জন্যও প্রয়োজনীয় সব শর্ত পূরণের চেষ্টা চলছে।”
পৌরাণিক গল্পের সঙ্গে এই সময়ের সমন্বয়ে একটি রূপক গল্পে ‘রইদ’ বানিয়েছেন সুমন। ছবির প্রধান দুটি চরিত্রে আছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। আরো আছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ। প্রযোজনায় বঙ্গ ও ফেসকার্ড। বর্তমানে দেশের চারটি মাল্টিপ্লেক্সে চলছে ছবিটি।
কেআই
