ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাইফ চন্দনের ‘মালিক’। ছবির নাম ভূমিকায় আছেন আরিফিন শুভ। মুক্তির পর প্রথম সপ্তাহে কিছুটা সাড়া পেয়েছিল ছবিটি। এবার দেশের গণ্ডি ছাড়িয়ে ‘মালিক’ যাচ্ছে অস্ট্রেলিয়ায়।
১৩ ও ১৪ জুন সিডনির ‘হোইটস ব্যাংকসটাউন’ সিনেমা হলে হবে ‘মালিক’-এর প্রদর্শনী। আর এই বিশেষ আয়োজনে উপস্থিত থাকবেন শুভ নিজেও। এজন্য আগামীকাল ঢাকা ত্যাগ করবেন অভিনেতা।
অস্ট্রেলিয়ায় ‘মালিক’ পরিবেশনা করছে বঙ্গজ ফিল্মস। সিডনির পাশাপাশি মেলবোর্ন ও অ্যাডিলেডে হবে ছবির প্রদর্শনী। সেগুলোতেও উপস্থিত থাকবেন শুভ। পাশাপাশি সেখানকার দর্শকের সঙ্গে কথা বলবেন, ছবি নিয়ে নানা প্রশ্নের জবাব দেবেন।
বিষয়টি নিয়ে এক ভিডিও বার্তায় শুভ বলেন, “হ্যালো অস্ট্রেলিয়া, আপনাদের আরিফিন শুভ আসছি আগামী ১৩ ও ১৪ জুন সিডনিতে, আমার নতুন ছবি ‘মালিক’ নিয়ে।’ সিডনির প্রিমিয়ারে দর্শকদের উপস্থিতি ও উদ্দীপনা আশাব্যঞ্জক হলে অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও সিনেমাটির নিয়মিত প্রদর্শনী চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ‘মালিক’-এ শুভর সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এর মধ্য দিয়ে ‘সাপলুডু’র সাত বছর পর জুটি হয়ে বড় পর্দায় এলেন তারা। ছবিতে আরো আছেন মনিরা মিঠু, মিশা সওদাগর, টাইগার রবি, আরফান মৃধা শিবলু প্রমুখ।
কেআই
