চলতি বছরে মেগাস্টার শাকিব খানের তিনটি সিনেমা মুক্তি পাওয়ার কথা শোনা যাচ্ছিল গত বছর থেকেই। এবারের দুই ঈদে শাকিবের দুই সিনেমা যথাক্রমে ‘প্রিন্স’ ও ‘রকস্টার’ মুক্তি পায়। যদিও সেগুলো বক্স অফিসে খুব একটা দাপট দেখাতে পারেনি। কিন্তু এই দুই সিনেমার আলোচনার মধ্যে ঢাকা পড়ে যায় তার আসন্ন আরও একটি সিনেমা ‘সোলজার’। এবার সেই সিনেমাটি নিয়ে নতুন খবর মিলল।
শোনা যাচ্ছে, সাকিব ফাহাদ নির্মিত এই হাই বাজেটের সিনেমা মুক্তি পাবে চলতি বছরেই। শিগগিরই শুটিংয়ের জন্য সিনেমার টিম থাইল্যান্ডের ব্যাংকক যাবে বলে জানিয়েছেন নির্মাতা নিজেই।
সিনেমাটির শুটিং শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে। এরপর সেই ‘সোলজার’ লুকে ক্যামেরার সামনে একাধিকবার এসেছেন শাকিব খান। প্রকাশ করা হয় একটি মোশন ভিডিও। সে সময় থেকেই ভক্ত-দর্শকদেরও উন্মাদনা উঠতে থাকে তুঙ্গে।
এরপর গেল ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘রকস্টার’-এর স্পেশাল প্রিমিয়ারে শাকিব খান জানিয়েছিলেন, সিনেমার কাজ খানিকটা বাকি আছে; সেটে তার ব্যস্ততা শুরু হবে শিগগিরই। শাকিব খানের এই কথার কয়েকদিন পরই এলো তাদের ব্যাংকক যাওয়ার পরিকল্পনার খবর।
শোনা যায়, সিনেমাটির দিনক্ষণ সেভাবে ঠিক না হলেও চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে। আবার এও গুঞ্জন ওঠে, দুই মাস আগে- অর্থাৎ অক্টোবরেও মুক্তি হতে পারে সিনেমাটির।
দেশের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের অকুতোভয় সংগ্রামের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘সোলজার’-এর কাহিনী। সিনেমায় শাকিব খানের সঙ্গে পর্দায় দেখা যাবে দুই জনপ্রিয় নায়িকাকে। ছোট পর্দার তারকা তানজিন তিশার সঙ্গে এই ছবিতে আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান, তৌকীর আহমেদ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।
ডিএ
