শবনম, সুচন্দা, উজ্জ্বল, আলমগীর ও ববিতা—বাংলা চলচ্চিত্রের পাঁচ কিংবদন্তি অভিনয়শিল্পী। দীর্ঘ সময় ধরে তারা সমৃদ্ধ করেছেন দেশের সংস্কৃতিকে। পথ দেখিয়েছেন পরের প্রজন্মকে। তবে এভাবে এক ফ্রেমে খুব একটা দেখা যায়নি তাদের। এবার তাই ঘটল। এক অনুষ্ঠানে হাজির হয়ে এক ফ্রেমে বন্দী হলেন পাঁচ কিংবদন্তি।
সোমবার চ্যানেল আইতে তাদের সম্মানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেওয়া হয় লাল গালিচার সংবর্ধনা। স্বাগত জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। এরপর দিনব্যাপী তাদের কার্যালয়ে আড্ডায় মাতেন জ্যেষ্ঠ শিল্পীরা। এই পাঁচজনের সঙ্গে সোহেল রানা ও আনোয়ারারও উপস্থিত থাকার কথা ছিল। তবে তারা অসুস্থতার কারণে হাজির হতে পারেননি।
বহু বছর পর সতীর্থদের সাক্ষাৎ পেয়ে শিল্পীরাও ভীষণ আনন্দিত ও প্রাণবন্ত হয়ে ওঠেন। কর্ম ও ব্যক্তিজীবনের নানা গল্পের ঝাঁপি খুলে দেন। আষাঢ় উপভোগ করা, বৃষ্টিতে শুটিং করার স্মৃতি, প্রিয় নায়ক নায়িকা, প্রিয় গান এরকম অনেক অনেক বিষয় উঠে আসে সেই আড্ডায়।
অনুষ্ঠানে পাঁচ কিংবদন্তি নানা উপহার দিয়েও সম্মানিত করে চ্যানেলটি। পুরো আয়োজনটি ধারণ করা হয়েছে ক্যামেরায়। শিগগিরই তা প্রচারিত হবে চ্যানেল আইতে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।
কেআই
