ঈদে একগুচ্ছ ছবির সঙ্গে মুক্তি পেয়েছে আজমান রুশোর ‘রকস্টার’ ও মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। আলোচনা ও দর্শক আগ্রহেও এগিয়ে ছিল এই দুটি ছবি। প্রথম দিকে শাকিব খানের তারকা-প্রভাবে ‘রকস্টার’ দারুণ চলছিল। ব্যবসাও করছিল বেশ। কিন্তু সপ্তাহ ঘুরতেই ছবিটির আবেদন কমে যায়। কারণ দুর্বল চিত্রনাট্য।
অন্যদিকে গল্প, চিত্রনাট্য ও নির্মাণে মুন্সিয়ানা দেখিয়ে বাজিমাৎ করলেন সুমন। ফলে ‘রইদ’ নিয়ে দর্শকের আগ্রহ এখনো অটুট। এমনকি মাল্টিপ্লেক্সে প্রদর্শনীর সংখ্যা ও আয়ের দিক দিয়েও ‘রকস্টার’কে ছাপিয়ে গেল ছবিটি।
মুক্তির ২১তম দিনে দেশের মাল্টিপ্লেক্সে ‘রকস্টার’-এর শো সংখ্যা ২২টি। অনলাইন বুকিংয়ের তথ্য অনুযায়ী, এখান থেকে টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ২৯ হাজার টাকার। অন্যদিকে প্রতিদিন ‘রইদ’ দেখা যাচ্ছে ২৮টি শোতে। আবার ২১তম দিনে ছবিটির আয় ২ লাখ ২৬ হাজার টাকা, যেটা ‘রকস্টার’-এর চেয়ে প্রায় দ্বিগুণ।
যদিও মোট আয়ে ‘রকস্টার’ এগিয়ে। তবে নির্মাণ ব্যয়ের নিরিখে লগ্নি তুলে আনার ক্ষেত্রে এগিয়ে আছে ‘রইদ’। তাছাড়া দেশের বাইরেও ছবিটির প্রদর্শনী হচ্ছে দেদার। সেখান থেকেও আসবে মোটা অংকের অর্থ।
উল্লেখ্য, ‘রইদ’-এ অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ। আর ‘রকস্টার’-এ রয়েছেন শাকিব খান, সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, কাজী সাবির, তারিক আনাম খান প্রমুখ।
কেআই
