এ-ই বুঝি সু-সময়! মানে মেজবাউর রহমান সুমনের সময়। ঈদে মুক্তির পর থেকে তার ‘রইদ’ চলছে কিংবা জ্বলছে দাপটের সঙ্গে। দেশ-বিদেশে পাচ্ছে দারুণ সাড়া। এর মধ্যেই এলো নতুন পূর্বাভাস। বইবে নাকি ‘হাওয়া’ও।
হ্যাঁ, আগামীকাল শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় একসঙ্গে চলবে সুমনের দুই ছবি ‘রইদ’ ও ‘হাওয়া’। গল্প, নির্মাণ আর অভিনয়ের অনন্য সমন্বয়ের দুটি ছবি একসঙ্গে দেখার এটাই সুবর্ণ সুযোগ।
গত শুক্রবার স্টার সিনেপ্লেক্সে শুরু হয়েছিল ‘সামার ফেস্ট’। তাতে পুরনো দর্শকপ্রিয় কয়েকটি ছবি নতুন করে পর্দায় এনেছে প্রতিষ্ঠানটি। এ সপ্তাহে থাকছে তিনটি ছবি—‘হাওয়া’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘জংলি’। পাশাপাশি এই ঈদের ছবি তো থাকছেই।
সুখবরটি জানিয়ে নির্মাতা সুমন তার ফেসবুক বার্তায় লিখেছেন, “এই শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে একসঙ্গে চলবে ‘রইদ’ ও ‘হাওয়া’। প্রাণ ভরে হাওয়া নিয়ে রইদে এসে গা জুড়ান।”
দুটি ছবির প্রধান অভিনেত্রী একজনই—নাজিফা তুষি। এছাড়া ‘হাওয়া’য় রয়েছেন চঞ্চল চৌধুরী, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, শরীফুল রাজসহ অনেকে। আর ‘রইদ’-এ তুষির সঙ্গী মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ।
উল্লেখ্য, ২০২২ সালে মুক্তি পেয়েছিল সুমনের প্রথম ছবি ‘হাওয়া’। দেশের প্রেক্ষাগৃহ তো বটেই, বিদেশেও ছবিটি রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল। দেশের চলচ্চিত্রে নতুন এক হাওয়া বইয়ে দিয়েছিল ছবিটি। সেটারই রেশ ধরে যেন এবার ‘রইদ’ উঠল ইন্ডাস্ট্রিতে।
কেআই
