ফের দারুণ জয় আর্জেন্টিনার। বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে লিওনেল মেসি ও তার সতীর্থরা। টানা সবগুলো ম্যাচে জয় নিয়ে নকআউট পর্বে গেছে আর্জেন্টিনা। আর এই অপূর্ব জয়ে শোবিজ তারকারাও ভীষণ উচ্ছ্বসিত।
মেসির ছবি শেয়ার করে অভিনেতা চঞ্চল চৌধুরী মজার ছলে লিখেছেন, ‘পরিবেশটা সুন্দর না? সব ঠিক আছে তো?’
অভিনেতা তৌসিফ মাহবুবও মেসির ভক্ত। ফ্রি কিকে অনিন্দ্য এক গোলে দলকে এগিয়ে নিয়েছেন এই মহাতারকা। তাকে নিয়ে তোসিফ লিখেছেন, ‘সে কখনো হতাশ করে না।’
অভিনেত্রী নাদিয়া আহমেদের প্রিয় দল আর্জেন্টিনা। তাদের খেলা দেখতে আমেরিকায় অবস্থান করছেন তিনি। সেখান থেকেই জয়ের আনন্দ প্রকাশ করেছেন এভাবে, ‘ইউ বিউটি। ভামোস আর্জেন্টিনা।’
আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক ইরফান সাজ্জাদ। খেলা নিয়ে ভীষণ সরব এ অভিনেতা। আজকের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন নিন্দুকদের ব্যাঙ্গ করে। লিখেছেন, ‘লাস্ট ম্যাচে পেনাল্টি পাওয়ার পরও গোল দিতে পারে নাই দেখে এখন এই ছেলেকে ফিফা ফ্রি কিক দেয়া শুরু করেছে! এই ছেলেটা আবার ফ্রি কিকে পেনাল্টি থেকে ভালো গোল করে! এভাবেই ছেলেটাকে গোল্ডেন বুট দিয়ে দেবে ফিফা! তীব্র প্রতিবাদ জানাই!’
অভিনেত্রী-গায়িকা মেহের আফরোজ শাওনেরও প্রিয় দল আর্জেন্টিনা। জয়ের আনন্দে লিখলেন, ‘আচ্ছা যাও, তোমরা যা বলবা, তা-ই। আর্জেন্টিনা ফিফাকে টাকা দিয়ে পেনাল্টি আর ফ্রি কিক কেনে। ফাউল করার জন্য তারা বিরোধী দলের প্লেয়ারদেরও টাকা দেয়। এখন রাজুতে গিয়া আন্দোলন কর, বয়কট ফিফা। ঠিক আছে?’ পাশাপাশি তিনি জর্ডানের প্রশংসাও করলেন। দলটির আল তামারির গোল তার কাছে সুন্দর লেগেছে।
অভিনেতা আব্দুন নূর সজলের প্রিয় দল ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনার এমন জয়ে উচ্ছ্বাস ধরে রাখতে পারলেন না। আর্জেন্টিনার জার্সিতে ছবি দিয়ে লিখেছেন, ‘আমি ব্রাজিল সাপোর্টার। কিন্তু সুন্দর ফুটবলের প্রশংসা করতে কার্পণ্য করি না। মেসির পায়ের জাদু আর আর্জেন্টিনার আজকের জয়টার জন্য অভিনন্দন।’
উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা লিখেছেন, ‘আপনি যে কোনো দলই সাপোর্ট করতে পারেন, যে কোনো খেলোয়াড়কে প্রশংসা করতে পারেন। কিন্তু মেসিকে যদি অসম্মান করেন, সেটা আপনারই সীমাবদ্ধতা। লিওনেল মেসি তার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, এর জন্য কারোর অনুমতির প্রয়োজন নেই।’
ছোট পর্দার তরুণ অভিনেত্রী মালাইকা চৌধুরীরও প্রিয় দল আর্জেন্টিনা। তিনি জার্সি পরে ভিক্টোরি সাইন দিয়ে ছবি তুলেছেন। আর লিখেছেন, ‘শুভ সকাল। আজ একটু বেশিই খুশি।’
কেআই
