বিজ্ঞাপন

ভিয়েতনামের উৎসবে সেরা ছবি ‘রইদ’

ভিয়েতনামের উৎসবে সেরা ছবি ‘রইদ’

ভিয়েতনামের গুরুত্বপূর্ণ উৎসবে পরিণত হয়েছে ‘ডা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’। যদিও উৎসবটির বয়স মোটে চার, তবু এর গুরুত্ব কম নয়। এশিয়ার চলচ্চিত্রের বিকাশে এটিকে বড় প্ল্যাটফর্ম বিবেচনা করা হচ্ছে। আর এই উৎসবেই সেরা ছবির পুরস্কার জিতে নিলো বাংলাদশের ‘রইদ’।

২৭ জুন শুরু হয়ে আজ পর্দা নেমেছে চতুর্থ ‘ডা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এর। এতে সমালোচক বিভাগে সেরা ছবি হয়েছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। খবরটি শোনার পর প্রতিক্রিয়া দিয়েছেন নির্মাতা। ফেসবুক বার্তায় লিখেছেন, “এ উৎসবে ‘রইদ’ পুরস্কার জেতেয় আমি ভীষণ সম্মানিত বোধ করছি। উৎসব কর্তৃপক্ষের প্রতি আমার কৃতজ্ঞতা, তারা আমাদের অঞ্চলের গল্প বেছে নিয়েছেন এবং আমাদের ছবির ওপর আস্থা রেখেছেন। পাশাপাশি জুরি বোর্ডের প্রতিও ধন্যবাদ জানাই, এই স্বীকৃতির জন্য।”

উৎসবের মঞ্চে 'রইদ'-এর পুরস্কার প্রদান

এর আগে নেদারল্যান্ডসের বিখ্যাত ‘রটারড্যাম উৎসব’-এর মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছিল ‘রইদ’। তবে সেখানে পুরস্কার জেতা হয়নি।

এদিকে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। এখনো চলছে দেশ-বিদেশের বিভিন্ন হলে। এমনকি ঈদের ছবি হিসেবে এখনো দর্শক আগ্রহে এগিয়ে আছে ‘রইদ’। ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। সঙ্গে আছেন আহসাবুল ইয়ামিন রিয়াদ, গাজী রাকায়েত প্রমুখ।   

কেআই