বিজ্ঞাপন

স্পাইডার-ম্যান’র শুটিং পেছানোর কারণ জানালেন টম হল্যান্ড

স্পাইডার-ম্যান’র শুটিং পেছানোর কারণ জানালেন টম হল্যান্ড

হলিউড তারকা টম হল্যান্ডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র শুটিং পেছানোর কারণ সামনে এসেছে। প্রখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন প্রজেক্ট ‘দ্য ওডিসি’র শিডিউলের কারণেই মার্ভেলের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির শুটিং পেছাতে হয়েছিল বলে জানিয়েছেন অভিনেতা নিজেই।  

মূলত, ক্যারিয়ারের বড় দুটি সিনেমার কাজ একই সময়ে পড়ে যাওয়ায় প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্সের সঙ্গে তাকে বেশ কঠিন ও অস্বস্তিকর আলোচনায় বসতে হয়েছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘জিকিউ’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে টম হল্যান্ড জানান, তিনি যখন নতুন ‘স্পাইডার-ম্যান’ সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান। একই সময়ে দুটি বড় প্রজেক্টের কাজ শুরু হওয়ার কথা থাকায় বড় সংকটে পড়েন তিনি।

 শেষ পর্যন্ত ‘স্পাইডার-ম্যান’র প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্সকে শুটিংয়ের সময়সূচি পরিবর্তনের অনুরোধ জানান হল্যান্ড। নোলানের কাজ যথাসময়ে শেষ করার বিশ্বস্ততা ও সুনাম থাকায় সনি কর্তৃপক্ষও শেষ পর্যন্ত শিডিউল পরিবর্তনে সম্মত হয়, যা তাকে নোলানের সিনেমায় কাজ করার সুযোগ করে দেয়।

আগামী ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। ট্রয় যুদ্ধের পর ওডিসিউসের নিজ রাজ্য ইথাকায় ফেরার দীর্ঘ ও বিপজ্জনক যাত্রা নিয়ে তৈরি হয়েছে এই সিনেমার গল্প। এর ঠিক দুই সপ্তাহ পর আগামি ৩১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। সিনেমাটিতে টম হল্যান্ডের পাশাপাশি আরও অভিনয় করেছেন জেনডায়া, জ্যাকব ব্যাটালন, স্যাডি সিঙ্ক এবং জন বার্নথাল।

ডিএ

বিজ্ঞাপন