বিশ্ব চলচ্চিত্রের নন্দিত নাম স্টিভেন স্পিলবার্গ। ‘শিন্ডলারস লিস্ট’ থেকে শুরু করে ‘ইন্ডিয়ানা জোনস’, ‘জুরাসিক পার্ক’, ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ কিংবা ‘দ্য টার্মিনাল’-এর মতো ছবি দিয়ে সমৃদ্ধ করেছেন চলচ্চিত্রের ইতিহাস। তার ছবির বক্স অফিস আয় ছাড়িয়েছে ১০ বিলিয়ন ডলার, যা এক অপরাজেয় রেকর্ড। অস্কার জিতেছেন তিনবার। ফলে কিংবদন্তি এ নির্মাতার নতুন ছবির খবরে উচ্ছ্বসিত হন দর্শক-ভক্তরা।
শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে স্পিলবার্গের নতুন ছবি ‘ডিসক্লোজার ডে’। একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে ছবিটি। মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলবে এটি।
মাঝে অনেকদিন ধরে তুলনামূলকভাবে ব্যক্তিগত ও সংবেদনশীল গল্পে ছবি বানিয়েছেন স্পিলবার্গ। ‘ডিসক্লোজার ডে’ দিয়ে তিনি ফিরছেন তার চেনা ময়দানে; যেখানে রহস্য, প্রযুক্তি, বিস্ময় আর অজানার আকর্ষণ মিলেমিশে একাকার। জানা গেছে, ভিনগ্রহের প্রাণী, তাদের পৃথিবীতে আগমন এবং সেই সত্যকে আড়াল করার এক বিশাল সরকারি ষড়যন্ত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি।
এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, জশ ও’কনার, কলিন ফার্থ, ইভ হসন, কলম্যান ডমিঙ্গো প্রমুখ। ইতোপূর্বে অনুষ্ঠিত হয়েছে ছবির প্রিমিয়ার। সেখানে ছবিটি দেখার পর ভূয়সী প্রশংসা করেছেন সাংবাদিক ও সমালোচকরা। অনেকে বলছেন, এটি গত দুই দশকে স্পিলবার্গের সেরা ছবি। এখন দেখার পালা, সে ছবি সাধারণ দর্শককে কতখানি ছুঁতে পারে।
কেআই
