বিজ্ঞাপন

শুভ জন্মদিন

সাতাত্তরেও সফল মেরিল স্ট্রিপ

সাতাত্তরেও সফল মেরিল স্ট্রিপ

সর্বকালের সেরা অভিনেত্রীদের তালিকা করলে তার নামটি চলে আসে প্রথম দিকেই। মঞ্চ থেকে টিভি কিংবা চলচ্চিত্র-সবখানে অভিনয়ের এমন জাদু ছড়িয়েছেন, তাতে মুগ্ধ হয়েছে গোটা দুনিয়া। আজ সেই কিংবদন্তি মেরিল স্ট্রিপের ৭৭তম জন্মদিন।

এমন বয়সে অধিকাংশ মানুষ থাকেন অবসরে, অবকাশে। অথচ মেরিল স্ট্রিপ এখনো কাজে মুখর। শুধু তাই নয়, এই বয়সেও উপহার দিচ্ছেন সফল সিনেমা। মে দিবসে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। ‘মিরান্ডা প্রিস্টলি’র ভূমিকায় মেরিলের প্রত্যাবর্তন দর্শকদের করেছে নস্টালজিক। আর বক্স অফিসে তুলেছিল ঝড়। ১০০ মিলিয়ন ডলারে নির্মিত ছবিটি আয় করেছে ৬৭৭ মিলিয়ন ডলার। এ ছবির মধ্য দিয়ে মেরিল যেন বুঝিয়ে দিলেন, তিনি সাতাত্তরেও ফুরিয়ে যাননি।

‘ডেভিল ওয়্যারস প্রাডা ২’ ছবিতে মেরিল স্ট্রিপ

মেরিল স্ট্রিপের জন্ম ১৯৪৯ সালের আজকের দিনে, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সামিটে। তার পুরো নাম মেরিল লুইস স্ট্রিপ। তার মা মেরি উইল্কিনসন স্ট্রিপ ছিলেন শিল্পী, বাবা হ্যারি উইলিয়াম স্ট্রিপ জুনিয়র ছিলেন ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ। মায়ের কাছ থেকেই উৎসাহ পেয়ে অভিনয়ে আগ্রহী হন মেরিল। পেশাদার অভিনয়ে আসেন ১৯৭৫ সালে, ইগুয়েন ও’নিল থিয়েটার সেন্টারে।

চলচ্চিত্রে মেরিল স্ট্রিপের অভিষেক ১৯৭৭ সালে ‘জুলিয়া’ দিয়ে। এ পর্যন্ত তাকে অন্তত ৬৪টি ছবিতে দেখা গেছে। এর মধ্য দিয়েই পৌঁছে গেছেন অনন্য উচ্চতায়।

অভিনয়ে মেরিল স্ট্রিপের দক্ষতা এতটাই, অস্কার ও গোল্ডেন গ্লোব মনোনয়নে সর্বকালের রেকর্ড তার দখলে। এ পর্যন্ত ২১বার অস্কারে মনোনয়ন পেয়েছেন তিনি, জিতেছেন তিনবার। আর গোল্ডেন গ্লোবে মনোনয়ন পেয়েছেন ৩৪বার, জিতেছেন আটবার। এছাড়া দুইবার ব্রিটিশ ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, তিনবার প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসহ বহু সম্মাননা পেয়েছেন অভিনেত্রী।

বর্তমানে মেরিল স্ট্রিপের হাতে রয়েছে ‘নার্নিয়া: দ্য ম্যাজিশিয়ানস নেফিউ’। গ্রেটা গারউইগের এ ছবি মুক্তি পাবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি।

কেআই