হলিউডের মাস্টারমাইন্ড পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা মানেই বিশ্বজুড়ে দর্শকদের মাঝে টানটান উত্তেজনা। এবার তিনি বড় পর্দায় নিয়ে আসছেন গ্রিক মহাকবি হোমারের কালজয়ী মহাকাব্য ‘দ্য ওডিসি’। চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এই সিনেমার জমকালো ফাইনাল ট্রেলার প্রকাশ পেয়েছে। আর ট্রেলারেই দেখা মিলল এক মহাকাব্যিক ও শ্বাসরুদ্ধকর লড়াইয়ের দৃশ্য।
সিনেমার মূল চরিত্র ‘ওডিসিয়াস’ হিসেবে হাজির হয়ে চমকে দিয়েছেন অস্কারজয়ী অভিনেতা ম্যাট ড্যামন। ট্রেলারে তার রণরূপ এবং ট্রোজান হর্সের সেই বিখ্যাত যুদ্ধক্ষেত্রের আবহ দর্শকদের গায়ে কাঁটা দেবে। প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স জানিয়েছে, এই ট্রোজান হর্সের দৃশ্যটি কোনো ভিএফএক্স বা অ্যানিমেশন নয়, বরং হাজার হাজার সেনা সদস্য নিয়ে বিশাল এক বাস্তব সেটে (প্র্যাকটিক্যাল সেট পিস) ধারণ করা হয়েছে, যা নোলানের চিরচেনা সিগনেচার স্টাইল।

এবারের ট্রেলারে ম্যাট ড্যামনের পাশাপাশি ‘ক্যালিপসো’ চরিত্রে চার্লিজ থেরনের রহস্যময় উপস্থিতি এবং দেবী ‘অ্যাথেনা’ রূপে জান্দায়ার ঝলক বেশ প্রশংসিত হচ্ছে। নোলানের এই তারকাবহুল সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে (পেনেলোপি), টম হল্যান্ড (টেলিম্যাকাস), রবার্ট প্যাটিনসন (অ্যান্টিনোয়াস) এবং লুপিতা ইয়ংও (হেলেন অব ট্রয় ও ক্লাইটেমনেস্ট্রা)। এছাড়াও আছেন হাইমেশ প্যাটেল, মিয়া গথ, জন লেগুইজামো এবং জন বার্নথালের মতো নামী তারকারা।

সিনেমার বিশালত্ব ফুটিয়ে তুলতে গ্রিস, মরক্কো, ইতালি, আইসল্যান্ড এবং স্কটল্যান্ডের মতো চোখজুড়ানো আন্তর্জাতিক লোকেশনে এর শুটিং করা হয়েছে। আইম্যাক্স ক্যামেরার বিশাল আকৃতি ও যান্ত্রিক শব্দ নিয়ে দীর্ঘদিনের যে জটিলতা ছিল, তা দূর করতে এই সিনেমার জন্য সম্পূর্ণ নতুন ও হালকা ওজনের আইম্যাক্স ক্যামেরা ব্যবহার করেছেন নোলান ও তার প্রধান চিত্রগ্রাহক হোয়াইটে ভ্যান হোয়াইটেমা।
সিনকোপির ব্যানারে ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন এমা থমাস ও ক্রিস্টোফার নোলান। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন থমাস হেইসলিপ। আগামী ১৭ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নোলানের এই ভিজ্যুয়াল মাস্টারপিস।
এমআইকে
