বিজ্ঞাপন

৩২ হাজার প্রতিযোগীকে টপকে হয়েছেন ‘মোয়ানা’, কে এই তরুণী?

৩২ হাজার প্রতিযোগীকে টপকে হয়েছেন ‘মোয়ানা’, কে এই তরুণী?

গতকাল বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ডিজনির নতুন ছবি ‘মোয়ানা’। এটি তাদের তুমুল জনপ্রিয় অ্যানিমেটেড চরিত্র মোয়ানাকে নিয়ে লাইভ-অ্যাকশন ছবি। এর নাম ভূমিকায় আছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী ক্যাথরিন লাগা’আইয়া। ছবিটির মধ্য দিয়ে পূর্ণাঙ্গভাবে তার অভিষেক হলো রূপালি জগতে।

ছবি হিসেবে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে ‘মোয়ানা’। তবে নিজের চরিত্রে ঠিকই মন জিতে নিচ্ছেন ক্যাথরিন। সমালোচক থেকে দর্শক, সকলেই তার প্রশংসা করছেন।

এখন প্রশ্ন হলো, কে এই ক্যাথরিন? কিভাবে তিনি ডিজনির এমন জনপ্রিয় চরিত্রে সুযোগ পেলেন?

'মোয়ানা'র পোস্টারে ক্যাথরিন ও ডোয়াইন জনসন

ক্যাথরিনের পুরো নাম ক্যাথরিন কেটি লাগা’আইয়া। জন্ম অস্ট্রেলিয়ার সিডনিতে, ২০০৬ সালের ১৭ ডিসেম্বর। তার বাবা জে লাগা’আইয়াও একজন পরিচিত অভিনেতা। সেই সুবাদে শোবিজে ক্যাথরিনের আগমন সহজতর বটে। তবে ‘মোয়ানা’ চরিত্রে জায়গা করে নেওয়া পুরোটাই নিজের যোগ্যতায়।

সিডনির নিউটাউন হাই স্কুল অব দ্য পারফর্মিং আর্টসে পড়েছেন ক্যাথরিন। সেখানে পড়াকালীন খবর পান, ‘মোয়ানা’ চরিত্রের জন্য খাঁটি পলিনেশীয় চেহারার নতুন মুখ খুঁজছে ডিজনি। সুযোগটা হাতছাড়া করলেন না তিনি। আবেদন করলেন, অংশ নিলেন অডিশনে।

দু-চারজন নয়, এ চরিত্রের জন্য প্রায় ৩২ হাজার তরুণী অডিশন দিয়েছিল। সবাইকে টপকে চরিত্রটি নিজের করে নিয়েছেন ক্যাথরিন। শিক্ষাজীবনের মধ্যেই ‘মোয়ানা’র শুটিং করেছেন তিনি। এমনকি শুটিংয়ে থেকেই শিক্ষকের কাছে মেইল করে তার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন ক্যাথরিন।

সামোয়ান বংশোদ্ভূত এই অস্ট্রেলীয় অভিনেত্রীর কাছে এমন একটি চরিত্রে অভিনয় করা শুরুতে বেশ চাপের ছিল; কারণ ছোটবেলা থেকেই মোয়ানার সঙ্গে নিজের মিল খুঁজে পেতেন তিনি। তাই কতটুকু নিজেকে ফুটিয়ে তুলতে পারছেন, তা নিয়ে চিন্তা হতো। পরে ক্রমশ সহশিল্পী ডোয়েইন জনসন এবং ‘হ্যামিল্টন’-খ্যাত পরিচালক থমাস কাইলের সহযোগিতায় স্বাভাবিক হন ক্যাথরিন।

২০১৬ সালে মুক্তি পায় প্রথম অ্যানিমেটেড ‘মোয়ানা’। সেটা দেখার অভিজ্ঞতা জানিয়ে ক্যাথরিন লাগা'আইয়া বলেন, ‘আমি তখন মনে করেছিলাম, এ তো আমার মতো দেখতে একজন রাজকুমারী। আমার বোনের মতো দেখতে একজন রাজকুমারী। ছবির বাবাকে দেখতেও আমার বাবার মতোই। এমন একটি দ্বীপের গল্প, যার কথা আমি ছোটবেলা থেকে শুনে এসেছি। সেটাই এবার এত জীবন্তভাবে চোখের সামনে ফুটে উঠেছে।’

ক্যাথরিন লাগা'আইয়া

‘মোয়ানা’ করার আগে ২০২৩-এ অস্ট্রেলিয়ান মিনিসিরিজ ‘দ্য লস্ট ফ্লাওয়ার্স অব অ্যালিস হার্ট’-এর কয়েকটি পর্বে অভিনয় করেছিলেন ক্যাথরিন। তবে ‘মোয়ানা’ চরিত্রে তাকে দেখে অনেকেই বলছেন, হলিউডের ‘নিউ বিগ থিং’ হয়ে উঠতে পারেন এই তরুণী।

কেআই

বিজ্ঞাপন