বিজ্ঞাপন

জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক

জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক

বছর সাতেক আগের কথা। তখন পাকিস্তানের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বছরে হাতে গোনা মাত্র কয়েকটি নাটক তৈরি হতো। তবে সংখ্যায় কম হলেও সেই নাটকগুলোর চমৎকার গল্প আর অভিনয়শিল্পীদের অনবদ্য পারফরম্যান্সের কারণে সেগুলো 'ক্লাসিক'-এর মর্যাদা পেয়েছে; যা আজও দর্শকদের মনে দাগ কেটে আছে।

সময়ের সঙ্গে সঙ্গে সেই চেনা দৃশ্যপট এখন পুরোপুরি বদলে গেছে। বর্তমানে প্রতি সপ্তাহেই ছোট পর্দায় মুক্তি পাচ্ছে নতুন নতুন নাটক। ফলে এই অঙ্গনে প্রতিযোগিতা এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন। স্বাভাবিকভাবেই সব নাটক দর্শকদের মনে জায়গা করে নিতে পারছে না। তবে এর মধ্যেও চলমান কয়েকটি নাটক বেশ ভালোভাবেই দর্শকদের মনোযোগ কেড়েছে। যারা ভালো গল্পের নাটক দেখতে ভালোবাসেন, তারা এই নাটকগুলো নিজেদের দেখার তালিকায় যুক্ত করতে পারেন।

১. জিঞ্জিরেইঁ : বর্তমানে পাকিস্তানের ড্রামা ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত নাটক 'জিঞ্জিরেইঁ'। এতে মূল ভূমিকায় অভিনয় করছেন সাজাল আলি, আমির গিলানি ও সাহার হাশমি। ফারহাত ইশতিয়াকের লেখা এবং শাহজাদ কাশ্মীরির পরিচালনায় এই নাটকটি গত ২৯ এপ্রিল 'হাম টিভি'তে প্রিমিয়ার হয়। পাহাড়ি অঞ্চলের চোখ জুড়ানো লোকেশনে চিত্রায়িত এই নাটকের গল্প আবর্তিত হয়েছে পারিবারিক ঐতিহ্য, ক্ষমতার লড়াই এবং একটি বিপজ্জনক রক্তক্ষয়ী সংঘাতের মাঝে গড়ে ওঠা এক নিষিদ্ধ ভালোবাসাকে কেন্দ্র করে। ইতোমধ্যে নাটকটির ১৫টি পর্ব প্রচারিত হয়েছে এবং এর টানটান উত্তেজনা দর্শকদের ধরে রাখতে সক্ষম হয়েছে।

Zanjeerain | Cast and Characters - The Other Me Unfolded

২. এক মহাব্বাত অউর :  'গ্রিন এন্টারটেইনমেন্ট'-এ প্রচারিত একটি দারুণ রোমান্টিক ঘরানার নাটক 'এক মহাব্বাত অউর'। এতে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে আহাদ রাজা মির ও মায়া আলিকে। একজন ডিভোর্সি সিঙ্গেল মাদারের গল্প বলা হয়েছে এখানে, যিনি জীবনের এক পর্যায়ে এসে অপ্রত্যাশিতভাবে এমন একজন পুরুষের প্রেমে পড়েন যিনি কখনো বিয়ে করেননি। গত ৮ জুন শুরু হওয়া এই সিরিজটির মাত্র ৪টি পর্ব প্রচার হতেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।

৩. জাবত :  যারা আবেগঘন পারিবারিক ড্রামা পছন্দ করেন, তাদের জন্য দারুণ একটি নাটক হতে পারে 'জাবত'। এটি প্রতিদিন 'জিও এন্টারটেইনমেন্ট'-এ প্রচারিত হচ্ছে। সায়মা আকরাম চৌধুরীর গল্পে নাটকটি পরিচালনা করেছেন তাহাসিন খান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাচাল আফজাল, জোহা তৌকির ও দানিয়াল খান। ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, পারিবারিক দ্বন্দ্ব এবং সামাজিক চাপের মানসিক প্রভাবের গল্প নিয়ে তৈরি 'জাবত' ইতোমধ্যে ১৬টি পর্ব পার করে একনিষ্ঠ দর্শক তৈরি করতে পেরেছে।

৪. হামরাহী : 'জিও এন্টারটেইনমেন্ট'-এর অন্যতম সর্বোচ্চ ভিউ পাওয়া নাটক 'হামরাহী'। ছোট পর্দার জনপ্রিয় জুটি দানিশ তৈমুর ও হিবা বুখারির অন স্ক্রিন রসায়ন আবারও পর্দায় ফিরিয়ে এনেছে এই সিরিজটি। প্রেম, হৃদয়ের ভাঙন, আত্মত্যাগ এবং জটিল সব সম্পর্কের টানাপোড়েন উঠে এসেছে এর গল্পে। জানজাবিল অসীম শাহের রচনা এবং বাবর জাভেদের পরিচালনায় নাটকটি গত ২৭ মার্চ প্রিমিয়ার হয়। ২৪টি পর্ব পেরিয়ে এসেও এটি সমানভাবে প্রশংসা কুড়াচ্ছে।

৫. সির্ফ শাবানা : একজন স্বাধীনচেতা ও শক্তিশালী নারী চরিত্রের গল্প নিয়ে নির্মিত হয়েছে 'হাম টিভি'-র নাটক 'সির্ফ শাবানা'। সোহাই আলি আবরো, আদিল হুসাইন ও দুরাব খলিল অভিনীত এই নাটকটির পরিণত গল্প সবার নজর কেড়েছে। প্রচলিত সামাজিক নিয়ম ও নারীদের নিয়ে চিরাচরিত স্টিরিওটাইপ ভেঙে এক শিক্ষিত ও স্বাবলম্বী নারীর জীবনের বাস্তবসম্মত লড়াই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ২৪ পর্ব প্রচারিত হওয়া এই নাটকটির ইতিমধ্যে একটি বড় ভক্তশ্রেণি তৈরি হয়েছে।

৬. বাস তেরা সাথ হো : বর্তমানে তুমুল জনপ্রিয়তার শীর্ষে থাকা আরেকটি নাটক হলো 'এআরওয়াই ডিজিটাল'-এর 'বাস তেরা সাথ হো'। ফারহান সাঈদ ও সানা জাভেদ অভিনীত এই নাটকের গল্প একজন অবহেলিত এতিম তরুণকে ঘিরে, যিনি এক সাহসী তরুণীর অনুপ্রেরণায় ধীরে ধীরে নিজের আত্মসম্মান ও শক্তি খুঁজে পান। নাটকটির আবেগঘন গল্প এবং কলাকুশলীদের অভিনয় দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। চ্যানেলটির অন্যতম সফল এই নাটকটির এ পর্যন্ত ১৪টি পর্ব প্রচারিত হয়েছে।

এমআইকে