বিজ্ঞাপন

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর সর্বমোট ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে সরকারি-বেসরকারি মেডিকেলের জন্য ৬০ হাজার ৯৫ জনকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন এসব তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯০ দশমিক ৭৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন সুশোভন বাছাড়। তিনি খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। দ্বিতীয় হয়েছেন মো. সানজিদ অপূর্ব বিন সিরাজ। তিনি চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তৃতীয় হওয়া শেখ তাসনিম ফেরদৌস শেখ আব্দুল ওয়াহাব কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, ডেন্টাল ২৮ ফেব্রুয়ারি

জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষার পাস নম্বর ছিল ৪০। অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ২২ হাজার ১৫৯ জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬ দশমিক ৮৭ শতাংশ। উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩ দশমিক ১৩ শতাংশ। এ বছর ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০ দশমিক ৭৫।

যেভাবে ফল পাবেন শিক্ষার্থীরা

ওয়েবসাইট- https://result.dghs.gov.bd/mbbs/ থেকে ফল জানতে পারবেন ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।

এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও (https://dgme.portal.gov.bd/) ফলবিষয়ক তথ্য প্রকাশ করা হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মুঠোফোনে খুদে বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে।

এদিকে সরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হবে ২ ফেব্রুয়ারি। ভর্তি কার্যক্রম চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর তিন পর্যায়ে শিক্ষার্থীরা এক সরকারি কলেজ থেকে অন্য সরকারি কলেজে মাইগ্রেশনের সুযোগ পাবেন। সরকারি মেডিকেল কলেজে ভর্তি শেষে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু হবে।

প্রসঙ্গত, শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ১৯টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে এ পরীক্ষা হয়।

এ বছর আবেদন জমা পড়েছে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে এ বছর একটি আসনের পরিবর্তে ২৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন।

দেশে মেডিকেল কলেজ আছে ১০৪টি। এর মধ্যে ৩৭টি মেডিকেল কলেজে আসন ৫ হাজার ৩৮০টি। অন্যদিকে বেসরকারি মেডিকেল কলেজ আছে ৬৭টি। বেসরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা ৬ হাজার ২৯৩।

এমজে