ভিডিও কলে সিলেটের হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা তদারকি

সচিবালয়ের দপ্তরে বসেই ডিজিটাল প্রযুক্তির সাহায্যে কয়েক শ মাইল দূরে সিলেটের একটি হাসপাতালের চিকিৎসাসেবা তদারকি করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। সশরীরে উপস্থিত না হয়েও ভিডিও কলের মাধ্যমে হাসপাতালের বহির্বিভাগ থেকে শুরু করে চিকিৎসকদের হাজিরা খাতা– সবই ছিল তার নিবিড় নজরদারিতে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রমের এই আকস্মিক খোঁজখবর নেন।

ভিডিও কলের শুরুতেই স্বাস্থ্য প্রতিমন্ত্রী আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি সেবার মান, সরকারি ওষুধ ঠিকমতো পাওয়া যাচ্ছে কি না এবং চিকিৎসা সংক্রান্ত সার্বিক বিষয়ে রোগীদের অভিজ্ঞতা জানতে চান। এরপর তিনি দায়িত্বরত চিকিৎসকদের উপস্থিতি যাচাই করতে সরাসরি হাজিরা খাতা দেখতে চান এবং কারা কর্মস্থলে আছেন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের উপস্থিতি ও রোগীদের সন্তুষ্টি দেখে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের প্রশংসা করে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি নাগরিকের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ তিনি চিকিৎসকদের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান জানান এবং জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
বিজ্ঞাপন

ভিডিও কলে জরুরি বিভাগের নার্স ও সাধারণ রোগীদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা দুর্গম এলাকার মানুষের একমাত্র ভরসা। আপনাদের ত্যাগ সরকার জানে।’ তিনি তৃণমূল পর্যায়ে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশের সব নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ চালুর পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন।
এর আগে সোমবার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একইভাবে ভিডিও কলে তদারকি করেন প্রতিমন্ত্রী। সেখানে চারজন চিকিৎসকের মধ্যে একজনকে অনুপস্থিত পাওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং বিষয়টি তদন্তের নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে তৃণমূল পর্যায়ের চিকিৎসাসেবা সচল রয়েছে কি না, তা নিশ্চিত করতেই প্রতিমন্ত্রীর এই ধারাবাহিক ঝটিকা তদারকি চলছে।
বিজ্ঞাপন
এমএল/বিআরইউ