পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটিতেও চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ রাখেনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। ছুটির দুই দিনে বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ৭১৯ জন রোগী। একই সঙ্গে ইনডোর ও জরুরি বিভাগেও অব্যাহত রাখা হয়েছে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা।
শনিবার (৩০ মে) বিএমইউর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএমইউ জানায়, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগ-১ এ ৩৪৮ জন এবং বহির্বিভাগ-২ এ ১৭৩ জন রোগী চিকিৎসাসেবা নেন। এদিন দুই বহির্বিভাগে মোট ৫২১ জন রোগীকে সেবা দেওয়া হয়।
এর আগে ২৭ মে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। ওই দিনের রোগীদের যুক্ত করে দুই দিনে মোট চিকিৎসাসেবা গ্রহণকারীর সংখ্যা দাঁড়ায় ৭১৯ জনে।
ঈদের ছুটিকালীন চিকিৎসাসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না, তা সরেজমিনে পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ডা. মো. আবুল কালাম আজাদ। গত বুধবারের মতো শনিবারও তিনি বহির্বিভাগের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ইরতেকা রহমান, সহকারী পরিচালক মো. মাহবুবুল হক সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদুল আজহার ছুটিকালীন সময়ে বহির্বিভাগের পাশাপাশি হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগও প্রতিদিন খোলা রয়েছে। রোগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে ঈদুল আজহার ছুটি শেষে আগামী ১ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হবে। একই দিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিএমইউ কর্তৃপক্ষ জানায়, জাতীয় গুরুত্বপূর্ণ এই চিকিৎসা প্রতিষ্ঠানে ছুটির দিনেও রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এসআই/বিআরইউ
