বিজ্ঞাপন

বিশ্বমঞ্চে বাংলাদেশের অডিওলজির গৌরবময় অর্জন

বিশ্বমঞ্চে বাংলাদেশের অডিওলজির গৌরবময় অর্জন

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ অডিওলজি-ভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন World Congress of Audiology 2026-এ প্রথম বাংলাদেশি স্পিকার ও প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন তরুণ অডিওলজিস্ট (শ্রবণ বিশেষজ্ঞ) এস এম তৌফিক আবির। দক্ষিণ কোরিয়ার সিওলে অনুষ্ঠিত এই কংগ্রেসের আয়োজন করে International Society of Audiology, যা World Health Organization-এর সঙ্গে সমন্বিতভাবে শ্রবণস্বাস্থ্য উন্নয়নে কাজ করে। এই কংগ্রেস প্রতি দুই বছর অন্তর বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়।

এবারের আয়োজনে বিশ্বের ১০০টিরও বেশি দেশ থেকে কয়েক হাজার শ্রবণস্বাস্থ্য-সংশ্লিষ্ট পেশাজীবী, গবেষক, শিক্ষক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে শ্রবণস্বাস্থ্যবিষয়ক অসংখ্য গবেষণা উপস্থাপিত হয় এবং বৈশ্বিক শ্রবণস্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

স্পিকার হিসেবে বক্তব্য প্রদানের সময় এস. এম. তৌফিক আবির বাংলাদেশের অডিওলজি বা শ্রবণস্বাস্থ্যের ইতিহাস, শিক্ষা, গবেষণা এবং সেবামূলক কার্যক্রম বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। তার এই উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের শ্রবণস্বাস্থ্য খাত সম্পর্কে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়। বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের অগ্রযাত্রাকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ ছাড়া, এবারের বিশ্ব কংগ্রেসে বাংলাদেশের শ্রবণস্বাস্থ্যবিষয়ক তার দুটি গবেষণা প্রকাশিত হয়েছে, যা দেশের গবেষণা অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।

উল্লেখ্য, ১৯৫৩ সালে যাত্রা শুরু করা "ওয়ার্ল্ড কংগ্রেস অফ অডিওলজি" তে এবারই প্রথম বাংলাদেশের প্রতিনিধিদের অংশগ্রহণ। বাংলাদেশের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন শ্রবণ ও বাক্‌ বিশেষজ্ঞ উম্মে শরীফা ইসলাম, মোহাম্মদ আরিফুল ইসলাম এবং পাইজার–বি ইউ পি শিক্ষার্থী আর জামান খান।

"ওয়ার্ল্ড কংগ্রেস অফ অডিওলজি" তে বাংলাদেশের অংশগ্রহণ, স্পিকার হিসেবে বক্তব্য প্রদান এবং গবেষণা প্রকাশ দেশের শ্রবণস্বাস্থ্য খাতের জন্য একটি ঐতিহাসিক ও গৌরবময় মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে বৈশ্বিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে।

এএমকে