দেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করে জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন।
সোমবার (১৫ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ডা. মোহাম্মদ নেয়ামত হোসেন, সাধারণ সম্পাদক ডা. মির্জ্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম, অর্থ সম্পাদক ডা. খালেদ আহমেদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাত গত পাঁচ দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাহীনতা, জনবল সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং প্রশাসনিক জটিলতা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এসব সমস্যা সমাধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে একটি সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।
প্রস্তাবনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হেলথ পুলিশ গঠন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন, হাসপাতালভিত্তিক নিরাপত্তা কাঠামো শক্তিশালীকরণ, হামলার ঘটনায় রাষ্ট্রীয় মামলা বাধ্যতামূলক করা এবং ডিজিটাল ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম চালুর দাবি জানানো হয়।
এছাড়া স্বাস্থ্যখাতে আধুনিক অর্গানোগ্রাম প্রণয়ন, শূন্যপদে দ্রুত জনবল নিয়োগ, প্রয়োজনভিত্তিক নতুন পদ সৃষ্টি, ন্যায়ভিত্তিক পদোন্নতি নিশ্চিতকরণ এবং সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোড ব্লু সেবা চালুর প্রস্তাব দেওয়া হয়।
পাশাপাশি উচ্চ ঝুঁকিপূর্ণ বিভাগে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য ঝুঁকি ভাতা, ঈদসহ সরকারি ছুটিতে দায়িত্ব পালনকারীদের বিশেষ ভাতা, ন্যায়সঙ্গত ছুটি ব্যবস্থাপনা এবং দেশ-বিদেশে নিয়মিত প্রশিক্ষণের সুযোগ নিশ্চিতেরও প্রস্তাব দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, হাসপাতালের শয্যা সংখ্যার অতিরিক্ত রোগী ভর্তি নিয়ন্ত্রণ, বহির্বিভাগে একজন চিকিৎসকের দৈনিক রোগী দেখার যৌক্তিক সীমা নির্ধারণ এবং স্বাস্থ্যকর্মীদের স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক পদায়ন ব্যবস্থা চালু করা জরুরি। সরকার স্বাস্থ্যখাতের বাস্তব চ্যালেঞ্জগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং প্রস্তাবিত বিষয়গুলো নিয়ে সংগঠনটির সঙ্গে গঠনমূলক আলোচনা করবে।
ওএফএ/এমএন
