চট্টগ্রাম নগরের তিনটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় সব ধরনের সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি এবং চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম পরিদর্শনকালে এ নির্দেশ দেন।
বন্ধের নির্দেশ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো– চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন, বায়ো ল্যাব ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং হেলথ আইকন ল্যাব অ্যান্ড কনসালটেশন পয়েন্ট।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেন, পরিদর্শনের সময় প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে লাইসেন্স না পাওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে লাইসেন্স নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এসব প্রতিষ্ঠানে চিকিৎসকরা ব্যক্তিগত চেম্বার পরিচালনা করতে পারবেন।
তিনি আরও বলেন, নতুন কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কেবল লাইসেন্সের জন্য আবেদন করে ‘আবেদিত’ উল্লেখ করে অনুমোদন পাওয়ার আগে সেবা কার্যক্রম পরিচালনা করতে পারে না। এ ধরনের পরিদর্শন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জানা গেছে, বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় এবং চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় নিয়মিতভাবে নগরের হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করে। পরিদর্শনের সময় কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
আরএমএন/এসএএস
