বিজ্ঞাপন

দ্রুত রক্ত পরীক্ষায় ১৫ সরকারি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান

দ্রুত রক্ত পরীক্ষায় ১৫ সরকারি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান

সরকারি হাসপাতালগুলোতে দ্রুত ও নির্ভুল রক্ত পরীক্ষা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ১৫টি হাসপাতালে অত্যাধুনিক হেমাটোলজি অ্যানালাইজার মেশিন অনুদান দেওয়া হয়েছে। নতুন এসব মেশিনের মাধ্যমে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৮০টি রক্ত পরীক্ষা করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে মেশিনগুলো সরকারের কাছে হস্তান্তর করা হয়। চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেড বিনামূল্যে ১৫টি ‘মিস্পা এইচএক্স৫৮’ স্বয়ংক্রিয় পাঁচ-পার্ট হেমাটোলজি অ্যানালাইজার উইথ অটোলোডার প্রদান করে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি ক্রয়প্রক্রিয়াকে আরও গতিশীল করা হচ্ছে এবং খুব শিগগিরই বিভিন্ন যন্ত্রপাতি কেনার টেন্ডার কার্যক্রম শুরু হবে। 

তিনি বলেন, এবারের বাজেটে স্বাস্থ্যখাতে প্রায় ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যখাতে বিনিয়োগ হবে মানুষের সেবার জন্য, অপচয়ের জন্য নয়।

তিনি আরও বলেন, আমরা একদিনও সময় নষ্ট করতে চাই না। প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। জনগণের কাছে আমাদের জবাবদিহি রয়েছে। তাই সব সময় প্রস্তুত থেকে কাজ করতে হবে।

ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান গোলাম দস্তগীর তৌহিদ বলেন, সঠিক রোগনির্ণয় উন্নত চিকিৎসার পূর্বশর্ত। সরকারের সঙ্গে অংশীদার হিসেবে দেশের চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে পেরে প্রতিষ্ঠানটি গর্বিত। ‘মিস্পা এইচএক্স৫৮’ মেশিন দ্রুত ও নির্ভুলভাবে রক্তের বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম।

জানা গেছে, নতুন হেমাটোলজি মেশিনগুলো চালু হলে সরকারি হাসপাতালে সিবিসিসহ বিভিন্ন রক্ত পরীক্ষা আরও দ্রুত ও নির্ভুলভাবে করা সম্ভব হবে। এতে রোগ নির্ণয়ের মান উন্নত হবে, চিকিৎসা সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে এবং রোগীদের অপেক্ষার সময় কমে আসবে। পাশাপাশি প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তার মাধ্যমে যন্ত্রগুলোর দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিএমএসডির পরিচালক (যুগ্মসচিব) ড. শফিউর রহমান, ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মমিত ফয়সাল, সিএমএসডির উপপরিচালক, দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চিকিৎসাবিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

এমএল/জেআই