গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১ জন ও উপসর্গে ৪ জন মারা গেছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ৯৯০ জন। একই সঙ্গে ডেঙ্গুতে ১ জনের মৃত্যুসহ নতুন করে আক্রান্ত হয়েছে ৩২৯ জন।
মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৭৬৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৭১ জন।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৩ হাজার ৭৩৫ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৫০ জন ও আক্রান্ত ৬০ হাজার ১৩৮ জন। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ১৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ের।
এদিকে এ বছর জানুয়ারির ১ তারিখ থেকে আজ অবধি ডেঙ্গুতে ৮ হাজার ৯৭৯ জন আক্রান্ত ও ২৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ৮ হাজার ১২২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে ও বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৮২৯ জন।
এমএল/বিআরইউ
