আজ ১ আগস্ট বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস। এই দিনটি সারা পৃথিবীতেই লাং (ফুসফুস) ক্যানসার নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালিত হয়। আর এই বছরও তার ব্যতিক্রম হবে না। কারণ, চিকিৎসকেরা মনে করেন, ফুসফুসের ক্যানসার নিয়ে এখনও সাধারণ মানুষের মনে নানা ভুল ধারণা রয়েছে। অনেকেই রোগের প্রাথমিক লক্ষণগুলো অবহেলা করেন। তাই বিপদ বাড়ে।
এমন পরিস্থিতিতে ফুসফুসের ক্যানসার নিয়ে সতর্ক করলেন কলকাতার বিশিষ্ট পালমোনোলজিস্ট ডা. বিউটি বিশ্বাস। তিনি বলেন, পশ্চিমবঙ্গে যত মানুষের মাঝে ক্যানসার ধরা পড়ে, তার ১৪ শতাংশই ফুসফুসের ক্যানসার। এই রোগে আক্রান্তদের অধিকাংশই পুরুষ। মহিলাদের মধ্যে ৬ শতাংশের মতো এই ক্যানসারে ভোগেন।
কেন হয় লাং ক্যানসার?
আজকাল লাং ক্যানসারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। অনেকেই এই রোগের ফাঁদে পড়ছেন। তাই এই রোগের কারণ জেনে রাখা খুবই জরুরি। ডা. বিশ্বাসের কথায়, ফুসফসের ক্যানসারের অনেক কারণ রয়েছে। তবে অন্যতম বড় কারণ হলো ধূমপান। এ ছাড়া, পরিবেশ দূষণ ও পরিবারে এই রোগের ইতিহাসও বড় কারণ। আবার কাজের জায়গায় বিভিন্ন ধরনের রাসায়নিক সংস্পর্শে আসার কারণে এটা হতে পারে।
অন্যদিকে, মহিলারা অধিকাংশ ক্ষেত্রেই কাঠকয়লা, ঘুঁটে পোড়ানোর সময় বেরিয়ে আসা ধোঁয়া থেকে এই রোগে আক্রান্ত হয়ে থাকেন বলে জানান তিনি।
সূত্র : আনন্দবাজার
এসএএস
