বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যঝুঁকি ও চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় সীতাকুণ্ডের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে গ্রামীণ হেলথটেকের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’।
শনিবার (৮ আগস্ট) সীতাকুণ্ডের বহরপুরে মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজ কল্যাণ সংস্থার (এমএফএসএস) উদ্যোগে এবং ‘সুখী’র সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে এক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিল লিও ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই ক্যাম্পে, ক্ষতিগ্রস্ত ও স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
এমএফএসএস-এর সভাপতি কাউসার আহমেদ সরোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক শামীমা নাসরীন এবং উপদেষ্টা মহিন উদ্দিনসহ অনেকে। এতে সুখীর পক্ষ থেকে অনলাইনে সরাসরি যুক্ত ছিলেন সংস্থাটির চিফ অব রিসার্চ, অ্যানালিটিক্স অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স ডক্টর হোসাইন মো. আল আমিন ও তাঁর প্রতিনিধি দল।
শুধু এক দিনের চিকিৎসাসেবায় সীমাবদ্ধ না থেকে ‘কানেক্টেড কেয়ার’ ব্যবস্থার মাধ্যমে বন্যা পরবর্তী সময়ে রোগীদের ধারাবাহিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে সুখী। এই ব্যবস্থার আওতায় প্রয়োজন অনুযায়ী রোগীদের অনলাইন চিকিৎসা পরামর্শ, ওষুধ সহায়তা, রেফারেল ও নিয়মিত ফলোআপ সেবার সঙ্গে যুক্ত রাখার ব্যবস্থা করা হচ্ছে।
প্রযুক্তির সঙ্গে মানবিক চিকিৎসার এই সমন্বয়ের ফলে বন্যাদুর্গত এলাকায় স্বাভাবিক স্বাস্থ্যসেবা বিঘ্নিত হলেও, সাধারণ মানুষ সহজেই ধারাবাহিক চিকিৎসা সুবিধার আওতায় আসতে পারছেন।
জেআই
