বিজ্ঞাপন

চিকিৎসক নিপীড়নের প্রতিবাদে ঢামেকে বিসিএস স্বাস্থ্য ক্যাডারদের মানববন্ধন

চিকিৎসক নিপীড়নের প্রতিবাদে ঢামেকে বিসিএস স্বাস্থ্য ক্যাডারদের মানববন্ধন

সারাদেশে চিকিৎসকদের ওপর ক্রমাগত হামলা ও নিপীড়নের প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মানববন্ধন করেছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।

শনিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনটির পক্ষ থেকে ঢামেক হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচির মাধ্যমে চিকিৎসকদের পক্ষ থেকে প্রধান তিনটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো :
১. চিকিৎসকদের ওপর হামলা ও নিপীড়নের ঘটনায় দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
২. চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মকালীন নিরাপত্তায় একটি কার্যকর ‘জাতীয় নীতিমালা’ প্রণয়ন করতে হবে।
৩. দেশের সব হাসপাতালকে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থলে পরিণত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা রফিকুল ইসলাম। তিনি বলেন, দেশের বিভিন্ন দুর্যোগে, এই ডাক্তাররাই জনগণের পাশে থেকে দুর্যোগ মোকাবিলা করেছে। বিনা কারণে, বিনা স্বার্থে তারা সেবা দিয়ে গেছে। কিন্তু সেই ডাক্তাররাই আবার জনগণের মুখোমুখি হচ্ছে বারবার। একটি গোষ্ঠী বা মহল ডাক্তারদের উপরে পরিকল্পনা করে হামলা চালাচ্ছে। বিগত সরকারের আমলে হাসপাতালগুলোতে হরিলুট চলেছে। এ কারণে হাসপাতালগুলোতে চিকিৎসার বিভিন্ন সামগ্রীর অনেক সংকট দেখা দিয়েছে। সেজন্য চিকিৎসা কার্যক্রম হয়ত অনেক ব্যাহত হয়েছে।

এই প্রতিবাদ কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ড্যাবের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডাক্তার মো. জহিরুল ইসলাম শাকিল। তিনি বলেন, আমাদের সরকার জনবান্ধব সরকার। এই সরকারকে বিপদে ফেলার জন্য একটি চক্র ইচ্ছাকৃতভাবে এমন অনাকাঙ্ক্ষিত কাজগুলো করছে। আমাদের স্বাস্থ্যব্যবস্থা যেন অন্য দেশের হাতে চলে যায় সেই চক্রান্তই চলছে। একজন চিকিৎসক কখনোই চায় না একজন রোগীর ক্ষতি হোক। একজন চিকিৎসক সবসময় সর্বোচ্চ চিকিৎসা দেওয়ারই চেষ্টা করে একজন রোগীকে।

তিনি আরোও বলেন, দুঃখ লাগে যে এখনো আমাদেরকে রাস্তায় নামতে হয়। তবে এর পরে কোনো ডাক্তারের কিছু হলে আমরা আর বসে থাকবো না। আমি স্বাস্থ্যমন্ত্রীকে বলতে চাই, আপনারা আমাদের অভিভাবক। আমাদের উপরে যেন এরকম জুলুম নির্যাতন আর না হয়, এ ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা নেন।

এ ছাড়া, এতে সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, আমরা রাস্তায় চলাচল করি। আমাদের নিরাপত্তা কোথায়? আজ একজনের সঙ্গে হচ্ছে। আগামীকাল আরেকজনের সঙ্গে হবে। আমাদের সঙ্গেও এরকম ঘটনা ঘটতে পারে। আমরা চাই না এমন ঘটনা আরও ঘটুক। আমরা আমাদের নিরাপত্তা চাই।

এদিকে মানববন্ধনে ডাক্তারদের বিভিন্ন প্রশ্নের জবাবে সংগঠনের নেতাকর্মীরা বলেন, আমরা চেষ্টা করব ডাক্তারদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার এবং ভবিষ্যতে যেন এই ঘটনাগুলো না ঘটে সেদিকে আমাদের সবাইকে নজর রাখতে হবে।

এসএএ/এসএএস

বিজ্ঞাপন