বিজ্ঞাপন

জেলা হাসপাতালে নতুন পদ সৃজনের উদ্যোগ স্বাস্থ্য অধিদপ্তরের

জেলা হাসপাতালে নতুন পদ সৃজনের উদ্যোগ স্বাস্থ্য অধিদপ্তরের

দেশের যেসব ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এখনো প্রয়োজনীয় পদ সৃষ্টি হয়নি, সেসব হাসপাতালে নতুন পদ সৃজনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট হাসপাতালগুলোর কাছ থেকে পদ সৃজনের প্রস্তাবসহ প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র চাওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ২৬ জুলাইয়ের এক স্মারকের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়।

চিঠিতে বলা হয়, যেসব ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের এখনো পদ সৃজন হয়নি, সেসব হাসপাতালের জন্য পদ সৃজনের প্রস্তাব পাঠাতে হবে। একই সঙ্গে জেলা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার ক্ষেত্রে পদ সৃজনের সুবিধার্থে ২৫০ শয্যার প্রশাসনিক অনুমোদনের কপি অথবা ভবন হস্তান্তরের কপি প্রস্তাবের সঙ্গে সংযুক্ত করতে হবে। এ ছাড়া স্ট্যান্ডার্ড সেটআপ-২০২৪ অনুযায়ী প্রাপ্যতার ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত চেকলিস্ট যথাযথভাবে পূরণ করে স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

পদ সৃজনের প্রস্তাবের সঙ্গে মোট ১২ ধরনের তথ্য ও নথি দিতে বলা হয়। এর মধ্যে রয়েছে পদ সৃষ্টির প্রাসঙ্গিক তথ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছক অনুযায়ী পদ সৃষ্টির চেকলিস্ট, প্রস্তাবিত প্রতিষ্ঠানের নাম, প্রস্তাবিত পদের সারসংক্ষেপ ও বিস্তারিত বিবরণ এবং পদের নাম, সংখ্যা ও বেতন স্কেলের তথ্য।

এ ছাড়া প্রস্তাবিত পদের দায়িত্ব ও কার্যপরিধি, নিয়োগবিধি, পদের বাৎসরিক আবর্তক ব্যয়ের আর্থিক সংশ্লেষ, নতুন পদ সৃষ্টির যৌক্তিকতা, নতুন কাজ বৃদ্ধির পরিমাণ, প্রকৃত কাজের বর্ণনা ও ধরন, কর্মপরিকল্পনার ছক এবং অর্গানোগ্রাম দিতে বলা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর স্বাক্ষরে চিঠিটি জারি করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সব সিভিল সার্জন এবং ২৫০ ও ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়কদের কাছে চিঠির অনুলিপি পাঠানো হয়।

এমএল/আরএফ