বিজ্ঞাপন

ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ডিজিএইচএসের সঙ্গে মিলভিকের মতবিনিময়

ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ডিজিএইচএসের সঙ্গে মিলভিকের মতবিনিময়

বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত এবং সারা দেশে মানসম্পন্ন স্বাস্থ্যসেবার প্রাপ্যতা আরও বিস্তৃত করার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সঙ্গে মতবিনিময় সভা করেছে মিলভিক বাংলাদেশ লিমিটেড।

সম্প্রতি অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ডিজিএইচএসের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নুরুল ইসলাম। সভায় অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মিলভিক বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মিলভিক বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার মো. মুইনুর রহমান।

ডিজিএইচএসের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন উপপরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, সহকারী পরিচালক ডা. আলী হাসান, উপপরিচালক (হাসপাতাল) ডা. আহসানুল হক এবং মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন ও ডা. ঝুমানা আশরাফী সুইটি। 

অন্যদিকে মিলভিক বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) রিয়াজ মোস্তফা, হেড অব প্রোডাক্ট ইশরাত মুস্তাফা, হেড অব হেলথ সার্ভিসেস মোহাম্মদ ইসহাক, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. কাউসার হোসেন এবং ম্যানেজার (অ্যাডমিন) রনি সরকার।

সভায় মিলভিক বাংলাদেশ দেশের সব শ্রেণির মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম তুলে ধরে। প্রতিষ্ঠানটি জানায়, ডিজিটাল স্বাস্থ্যসেবা সমাধান দেশের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে বসবাসকারী এবং স্বাস্থ্যসেবার আওতার বাইরে থাকা মানুষের কাছে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় মূল উপস্থাপনা দেন ইশরাত মুস্তাফা। তিনি দেখান, প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা কীভাবে রোগীদের যোগ্য চিকিৎসকদের সঙ্গে সংযুক্ত করে স্বাস্থ্যসেবা প্রদানের বিদ্যমান ব্যবধান কমাতে সহায়তা করতে পারে। এ ছাড়া সময়োপযোগী স্বাস্থ্য পরামর্শ প্রদান এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা জোরদার করার ক্ষেত্রেও ডিজিটাল স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরা হয় সভায়। দেশব্যাপী উদ্ভাবনী ডিজিটাল স্বাস্থ্যসেবা সমাধানের বিস্তার ও গ্রহণযোগ্যতা বাড়াতে সরকারি ও বেসরকারি খাতের অংশীদারত্বের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্যে ডা. মো. নুরুল ইসলাম স্বাস্থ্যসেবা প্রদান ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং জনগণের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বৃদ্ধিতে প্রযুক্তির কার্যকর ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। তিনি স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণ এবং নাগরিকদের স্বাস্থ্যগত ফলাফল উন্নয়নে অবদান রাখা বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

মিলভিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. মুইনুর রহমান বাংলাদেশের স্বাস্থ্যখাতের লক্ষ্য অর্জনে উদ্ভাবনী, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে সহায়তা অব্যাহত রাখার বিষয়ে প্রতিষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 

তিনি বলেন, মানুষের ভৌগোলিক অবস্থান বা আর্থিক সক্ষমতা নির্বিশেষে সবার কাছে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মিলভিক বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

সভার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিনিময়ের সুযোগ তৈরি হয় এবং দেশের চলমান স্বাস্থ্যখাত রূপান্তরকে আরও গতিশীল করতে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

আরএআর