রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পিআইসিইউতে ৯ মাসের এক শিশুর মৃত্যুর পর চিকিৎসকের অনুপস্থিতির অভিযোগ তুলে ফেসবুক লাইভ করেছেন শিশুটির স্বজন। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত একটার দিকে করা ওই লাইভ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। লাইভে হাসপাতালের চিকিৎসাব্যবস্থা ও বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আসিফ হাসান নামের ওই স্বজন।
আসিফের দাবি, তার ভাগ্নির ছেলেকে গত ১ সেপ্টেম্বর রাজধানীর বীর উত্তম সিআর দত্ত রোডের পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময় চিকিৎসকেরা শিশুটির রক্তে সুগার কমে যাওয়ার কথা জানিয়েছিলেন। পরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার কথা জানানো হয় বলে অভিযোগ তার।
তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার জানানো হয়, পরদিন শিশুটিকে ছাড়পত্র দেওয়া হবে। তবে বিকেলে হঠাৎ পরিবারের সদস্যদের জানানো হয়, শিশুটির লাইফ সাপোর্ট প্রয়োজন। পরে শিশুটিকে দেখতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ দেখতে দেয়নি বলে অভিযোগ করেন তিনি।
আসিফের ভাষ্য, পরে জোর করে পিআইসিইউতে ঢুকে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান তারা। এ সময় ডাকাডাকি করেও কোনো চিকিৎসকের দেখা পাননি বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, চিকিৎসার নামে হাসপাতাল কর্তৃপক্ষ দুই লাখ টাকার বেশি বিল করেছে।
আসিফ আরও অভিযোগ করেন, ফেসবুক লাইভ করার পর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কয়েকজন বহিরাগত এসে তাকে শাসানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পুলিশ এলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। শিশুটির মৃত্যুর কারণ এবং চিকিৎসায় কোনো ধরনের অবহেলা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এমএল/ এনটি
