বিজ্ঞাপন

চীনে বন্ধ হচ্ছে ‘বিদেশ থেকে আসাদের’ বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

চীনে বন্ধ হচ্ছে ‘বিদেশ থেকে আসাদের’ বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

এশিয়ার বৃহত্তম দেশ চীনে কয়েকদিন ধরে আশঙ্কাজনক হারে বেড়ে চলছে করোনা সংক্রমণ। কঠোর বিধিনিষেধ তুলে দেওয়ার পরই দেশটিতে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েছে।

এরমধ্যেই চীন ঘোষণা দিল, এখন থেকে বিদেশ থেকে আসা কাউকে আর বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। ২০২৩ সালের ৮ জানুয়ারি থেকে থেকে এটি কার্যকর হবে। খবর বিবিসির।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রথম সন্ধান মেলে। এরপর প্রায় তিন বছর কঠোর বিধিনিষেধ ছিল দেশটিতে। কিন্তু চলতি বছরের নভেম্বরে এসব বিধিনিষেধের বিরুদ্ধে রাস্তায় নামেন সাধারণ মানুষ। তারা বিক্ষোভ করেন। এর পরিপ্রেক্ষিতে নিজেদের কঠোর ‘কোভিড জিরো নীতি’ থেকে সরে আসার ঘোষণা দেয় দেশটির সরকার। যার সর্বশেষ সিদ্ধান্ত হলো— বিদেশ থেকে আসা মানুষের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নিয়ম তুলে দেওয়া।

সাম্প্রতিক সময়ে চীনে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে হিমমিশ খাচ্ছেন চীনের স্বাস্থ্যকর্মীরা। এরমধ্যে দেশটি ঘোষণা দিয়েছে তারা আর করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যার তথ্য প্রকাশ করবে না।

তবে সাধারণ মানুষের জীবন বাঁচাতে সম্ভাব্য সবধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। বিধিনিষেধ তুলে দেওয়ার পর প্রথম বক্তব্যে শি বলেছেন, পরিস্থিতি বদলে গেছে এখন চীনকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

এদিকে চীনে বিদেশিদের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিয়ম জারি করা হয় ২০২০ সালের মার্চে। ওই সময় কোয়ারেন্টাইনের সময় ছিল ১৪ দিন। এরপর এটি কমিয়ে আনা হয়। বর্তমানে ৫ দিন কোয়ারেন্টাইনে থাকার নিয়ম রয়েছে।

সূত্র: বিবিসি

এমটিআই