বিজ্ঞাপন

ইসরায়েলিদের হাইফা খালি করতে বললো ইরান

ইসরায়েলিদের হাইফা খালি করতে বললো ইরান

ইসরায়েলের হাইফা শহরের বাসিন্দাদের উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে ইরান। ওই বার্তায় দ্রুত শহরটি খালি করার আহ্বান জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এই খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

খবরে বলা হয়, বুধবার (১৮ জুন) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারে বলা হয়, কয়েক মিনিট আগে হাইফায় বসবাসরত জায়নিস্টদের (ইসরায়েলি) জন্য একটি সতর্কতা জারি করা হয়েছে, যাতে তারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিজেদের রক্ষা করতে পারে।

টেলিভিশন সম্প্রচারে ওই অঞ্চলের একটি মানচিত্র প্রদর্শন করা হয়। সেখানে হিব্রু ভাষায় লেখা ছিল, অনুগ্রহ করে উল্লিখিত এলাকা থেকে অবিলম্বে সরে যান- পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এই এলাকায় অভিযান চালাবে।

এর আগে ইরানের ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অর্থনৈতিক ও প্রযুক্তির কেন্দ্র তেল আবিবে আঘাত হানে বলে দাবি করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় ইসরায়েলি সূত্রের বরাতে এ তথ্য জানায় ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ।

আরেকটি প্রতিবেদনে, লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন জানিয়েছে, ইরান অধিকৃত ফিলিস্তিনে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে।

এমএসএ