অস্ত্র সমর্পণ জন্য ২ মাসের আল্টিমেটাম পাচ্ছে গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসকে অস্ত্র সমর্পণের জন্য দু’মাসের আল্টিমেটাম দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোৎরিচ গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন।
সোমবার ইসরায়েলি দৈনিক ম্যাকর রিশনকে দেওয়া এক সাক্ষৎকারে ইসরায়েলের কট্টর ডানপন্থি এই রাজনীতিক বলেন, “অস্ত্র সমর্পণ করার জন্য হামাসকে দু’মাসের আল্টিমেটাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব পিস। খুব শিগগিরই দাপ্তরিকভাবে তাদের এটি জানানো হবে। গাজায় সামরিকভাবে, বেসমারিকভাবে, সরকারিভাবে কিংবা কোনোভাবেই হামাসের কোনো অস্তিত্ব থাকবে না।”
সাক্ষাৎকারে বেজালেল স্মোৎরিচ আরও বলেন, “আমরা এখন গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্বে আছি। এই পর্বের বা পর্যায়ের প্রধান অংশ হলো হামাসের অস্ত্র সমর্পণ। এটা দুর্ভাগ্যজনক যে আমরা তিন মাস আগে এই পর্ব শুরু করতে পারলাম না।”
গাজা উপত্যকায় হামাস এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দুই বছর ধরে চলমান যুদ্ধ থামাতে ২০২৫ সালের সেপ্টেম্বরে ২০টি পয়েন্ট সম্বলিত তিন স্তরের একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইসরায়েল এবং হামাস এ পরিকল্পনায় সম্মতি জানানোর পর গত বছর ১০ অক্টোবর থেকে শুরু হয় ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম পর্ব।
ট্রাম্পের পরিকল্পনায় আরও উল্লেখ করা হয়েছিল যে স্থায়ী যুদ্ধবিরতির পর হামাস আর গাজার ক্ষমতায় থাকতে পারবে না। এই উপত্যকা ভূখণ্ডের প্রশাসন দেখভাল করবে একটি অনির্বাচিত টেকনোক্র্যাট সরকার এবং সেই সরকার ট্রাম্পের গঠিত ‘বোর্ড অব পিস’-এর নির্দেশনা অনুসারে।
গত ১৫ জানুয়ারি বোর্ড অব পিস গঠন করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। কোনো দেশের সরকার কিংবা রাষ্ট্রপ্রধান যদি ট্রাম্পের এই কমিটিতে যোগ দিতে চান, তাহলে তাকে অবশ্যই বোর্ড অপ পিস-এর তহবিলে ১০০ কোটি ডলার চাঁদা দিতে হবে।
বেজালেল স্মোৎরিচের বক্তব্যের ব্যাপারে বোর্ড অব পিসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি, কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
সূত্র : এএফপি, আনাদোলু এজেন্সি
এসএমডব্লিউ