হার্ট অ্যাটাক করে রাস্তায় কাতরাচ্ছেন, সাহায্যের বদলে ফোন নিয়ে গেলো দুজন

হার্ট অ্যাটাক করে তীব্র কষ্টে রাস্তায় পড়ে কাতরাচ্ছিলেন এক ব্যক্তি। গভীর রাত হওয়ায় আশপাশে মানুষও ছিলেন না। ওই সময় স্কুটারে করে দুজন এলেও তারা তাকে সহায়তা করেননি। উল্টো রাস্তায় পড়ে থাকা ব্যক্তির মোবাইল ফোন নিয়ে যান তারা। শুধু ফোন নিয়েই ক্ষান্ত থাকেননি, তার পকেটও হাতিয়েছেন এ দুজন কোনো টাকা পাওয়া যায় কি না এমন আশায়।
ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে পুরো ঘটনা। এতে দেখা গেছে রাত ৪টার দিকে এক ব্যক্তি তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। ওই সময় তার শরীরও আর চলছিল না। তবে তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন। তখন তার তীব্র খিঁচুনি হচ্ছিল।
এরপর সকাল ৮টার দিকে অন্যান্য মানুষ খেয়াল করেন এক ব্যক্তি উপুড় হয়ে পড়ে আছেন। প্রথমে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে তারা পুলিশকে খবর দেন। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়। এরপর পুলিশ বডি ব্যাগে করে তার মরদেহ নিয়ে যায়।
মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করতে পুলিশ ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জানিয়েছে, ওই ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি
এমটিআই