যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজকে ইরানের নৌবাহিনীর ‘ধাওয়া’

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেলের ট্যাংকার জাহাজ আটকানোর চেষ্টা করেছে ইরানের নৌবাহিনী। কিন্তু জাহাজটি না থামায় এটিকে ধাওয়া দেয় ইরানি সেনারা। পরে যুদ্ধজাহাজের সহায়তায় জাহাজটি ‘পালিয়ে’ যেতে সমর্থ হয়।
মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটিকে দুজন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের নৌবাহিনীর সশস্ত্র ছোট জাহাজ মার্কিন পতাকাবাহী জাহাজকে আটকানোর চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত জাহাজটি আটকাতে পারেনি তারা।
সমুদ্র নিরাপত্তাবিষয়ক ফার্ম ভ্যানগার্ড টেক তাদের ক্লায়েন্টদের কাছে এক মেসেজে জানিয়েছে, ৫০ ক্যালিবার মেশিনগান সমৃদ্ধ ইরানের ছয়টি ছোট জাহাজ যুক্তরাষ্ট্রের পতাকাবাহী ট্যাংকারটির কাছে যায়। ওই সময় ট্যাংকারটি হরমুজ প্রণালীতে প্রবেশ করে।
ইরানি নৌ সেনারা মার্কিন জাহাজটির নাবিককে ইঞ্জিন বন্ধ করার নির্দেশনা দেয় এবং জাহাজে ওঠার প্রস্তুতি নেয়।
কিন্তু ট্যাংকারের ক্যাপ্টেন না থেমে গতি আরও বাড়িয়ে দেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ এসে ট্যাংকারটিকে নিরাপত্তা দিয়ে নিয়ে যায়।
এরআগে ইউকে ম্যারিটাইম ট্রেড অপারেশন্স এজেন্সি বলেছিল, তারা হরমুজ প্রণালীতে ওমানের ১৬ কিলোমিটার উত্তরে একটি জাহাজ আক্রান্ত হওয়ার খবর পেয়েছে।
সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল
এমটিআই