ভারতে জেএমবির বোমারু মিজানের সাজা বাড়ল

ভারতের পশ্চিমবঙ্গে ২০১৪ সালে খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত কাওসার ওরফে ‘বোমারু’ মিজানকে আরও একটি মামলায় ৮ বছরের সাজা দিয়েছে কলকাতার একটি আদালত। এরআগে ২০২১ সালে তাকে ২৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
কলকাতা পুলিশের এসটিএফ বা স্পেশাল টাস্ক ফোর্সের দায়ের করা একটি মামলায় বৃহস্পতিবার তাকে এই সাজা দেওয়া হয়েছে। ৮ বছরের সাজার পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
২০১৮ সালে আগস্টে মিজানকে গ্রেপ্তার করে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। গ্রেপ্তার হওয়ার পর জিজ্ঞাসাবাদে কাওসার জানিয়েছিলেন, বিস্ফোরণের পর দীর্ঘদিন ধরে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় ঘোরে সে। কখনও কলের মিস্ত্রি, কখনও কারিগর সেজে ঘুরে বেরিয়েছিল। পশ্চিমবঙ্গ ও আসামকে কেন্দ্র করে জিহাদের প্রস্তুতি চালিয়েছিল এই জেএমবি জঙ্গি নেতা।
২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে দুজনের মৃত্যু হয়। এ ঘটনার তদন্তে নামে পুলিশ, আসে জাতীয় নিরাপত্তা সংস্থা। ঘটনাস্থল থেকে ৫৫টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, আরডিএক্স, সিম কার্ড উদ্ধার করেন তদন্তকারীরা। পরবর্তীতে এই ঘটনায় মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। ১৯ জন দোষ স্বীকার করে।
সূত্র: টিভিনাইন বাংলা।
এনএফ