কুকি-নাগা দাঙ্গায় ফের উত্তপ্ত মণিপুর, বাড়িঘরে অগ্নিসংযোগ

নতুন মুখ্যমন্ত্রী দায়িত্বগ্রহণের মাত্র চার দিনের মধ্যে ফের দাঙ্গা শুরু হয়েছে ভারতের মণিপুর রাজ্যের উখরুল জেলায়। রোববার উখরুলের লিতান গ্রামে অন্তত ২৩টি বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে দাঙ্গাকারীরা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র বরাতে জানা গেছে, উখরুলের লিতান গ্রামে নাগা জনগোষ্ঠীর এক যুবকের ওপর হামলার অভিযোগ ওঠে রোববার। এ অভিযোগের জেরে রোববার সন্ধ্যা থেকেই সংঘর্ষ বাঁধে নাগা ও কুকি জনগোষ্ঠীর মধ্যে। পরিস্থিতি সামাল দিতে সে সসময় টিয়ার শেল ছুড়ে দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করে দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
ভারতের বৃহত্তম বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, সংঘাতের সময়ে বেশ কয়েক রাউন্ড গুলির আওয়াজ পাওয়া গেছে।
উত্তেজনা প্রশমনে সন্ধ্যা সাতটায় লিতান ও তার সংলগ্ন এলাকাগুলোতে ১৪৪ ধারা জারি করা হয়। এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলেও উল্লেখ করা হয়।
কিন্তু রোববার মধ্যরাতে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। নাগা সম্প্রদায়ের অন্তত ২৩টি বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে কুকি সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে।
মণিপুর রাজ্য পুলিশ প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, সংঘাত কবলিত লিতান গ্রাম ও তার আশপাশের এলাকার পরিস্থিতি এখনও থমথমে। সম্ভাব্য উত্তেজনা নিয়ন্ত্রনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। আপাতত ক্ষয়ক্ষতির হিসেব কষা চলছে বলেও জানিয়েছেন তিনি।
রবিবার সন্ধ্যা থেকে নাগা এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। জানা যাচ্ছে, নাগা জনগোষ্ঠীর এক যুবকের উপর হামলার অভিযোগ ওঠে রবিবার। ওই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, কুকি জনগোষ্ঠীর সশস্ত্র বিদ্রোহীরাই এই হামলা চালিয়েছে। ওই উত্তেজনা ক্রমে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আকার নেয়। পরিস্থিতি সামাল দিতে রবিবারই উখরুল জেলার লিটন গ্রামে নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটান নিরাপত্তাবাহিনীর জওয়ানেরা। পিটিআই জানাচ্ছে, ওই উত্তেজনার মাঝে বেশ কয়েক রাউন্ড গুলি চলার শব্দ পাওয়া গিয়েছে।
উল্লেখ্য, ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর জাতিগত বৈচিত্রে ভরপুর। বছরের পর বছর ধরে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন পরস্পরের প্রতি সদ্ভাব বজায় রেখে বসবাস করলেও ২০২৩ সালে তাতে বড় ধরনের ছন্দপতন ঘটে। ওই বছর মে মাসে দাঙ্গা শুরু হয় রাজ্যের দুই বড় নৃগোষ্ঠী হিন্দু ধর্মাবলম্বী মেইতেই এবং খৃস্টান ধর্মাবলম্বী কুকিদের মধ্যে।
প্রায় দুই বছর ধরে চলা সেই দাঙ্গায় উভয় সম্প্রদায়ের আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন আরও বহুসংখ্যক। সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। তিনি পদত্যাগ করার পর মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়।
প্রায় এক বছর রাষ্ট্রপতিশাসন চলার পর গত ৪ ফেব্রুয়ারি মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপির মণিপুর রাজ্য শাখার জ্যেষ্ঠ নেতা ইউমনাম খেমচাঁদ সিং। তিনি দায়িত্ব নেওয়ার মাত্র চার দিনের মাথায় দাঙ্গা শুরু হলো উখরুলে। এবার দাঙ্গা বেঁধেছে কুকি ও নাগা জাতিগোষ্ঠীর মধ্যে।