সৌদিতে রমজানের চাঁদ দেখার প্রস্তুতি চলছে

সৌদি আরবে ১৪৪৭ সালের হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি চলছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির বিভিন্ন জায়গায় চাঁদের অনুসন্ধানে টেলিস্কোপসহ অন্যান্য আধুনিক যন্ত্রপাতি বসানো হয়।
সংবাদমাধ্যম আল আখবারিয়া জানিয়েছে, চাঁদ দেখার অন্যতম স্থান হাউতাত সুদাইরের আবহাওয়া পর্যবেক্ষণ করা হচ্ছে। সেখানকার দল প্রস্তুত রয়েছে। তারা চাঁদ দেখতে পেলেই সাথে সাথে খবর জানাবেন।
চাঁদ দেখা যায়নি, ওমান-মালয়েশিয়ায় বৃহস্পতিবার রোজা শুরু
উপসাগরীয় অঞ্চলের দেশ ওমান ও দক্ষিণপূর্ব এশিয়ার মালয়েশিয়ায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার দেশ দুটির কর্তৃপক্ষ বলেছে, দেশের কোথাও আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশ দুটিতে আগামী বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসের শুরু হবে।
এক বিবৃতিতে মালয়েশিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে আগামী বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছে। মঙ্গলবার দেশটির আকাশে পবিত্র রমজান মাসের অর্ধচন্দ্র দেখা সম্ভব হয়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এছাড়া উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্যদের মাঝে প্রথম দেশ হিসেবে পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করেছে ওমান। দেশটি বলেছে, আগামী বৃহস্পতিবার থেকে ১৪৪৭ হিজরির রমজান মাসের শুরু হবে। দেশটির হিজরি মাস পর্যবেক্ষণ কমিটি নিশ্চিত করে বলেছে, কাল বুধবার শাবান মাসের শেষ দিন।
এমটিআই