আল-আকসায় আগ্রাসনে মদদ দেওয়া মার্কিন কমান্ডারকে সৌদির সর্বোচ্চ সম্মাননা

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সেন্ট্রাল কমান্ডের সাবেক কমান্ডার জেনারেল মাইকেল কুরিল্লাকে সর্বোচ্চ সম্মাননা দিয়েছে সৌদি আরব।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান বাদশা সালমানের নির্দেশনায় জেনারেল কুরিল্লাকে ‘বাদশা আব্দুলআজিজ’ মেডেল পরিয়ে দেন বলে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।
বাদশা আব্দুলআজিজ মেডেলকে সৌদির অন্যতম সর্বোচ্চ সামরিক ও বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচনা করা হয়।
মাইকেল কুরিল্লা ২০২২ সালে সেন্ট্রাল কমান্ডের দায়িত্ব নেন। এরপর তার কমান্ডে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নির্বিচার হামলা হয়েছে। এতে আইএসএসের যোদ্ধাসহ বেশ কিছু বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
তিনি মুসলিমদের তৃতীয় পবিত্রস্থান আল-আকসা মসজিদে দখলদার ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন দিয়েছিলেন। সেখানকার ফিলিস্তিনিদের ওপর দমন নিপীড়ন চালাতে ইসরায়েলিদের গোয়েন্দা তথ্যও দিতে তিনি।
গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতার কারণে গত বছর দুর্ভিক্ষ দেখা দেয়। ওই সময় মার্কিন কংগ্রেসে মাইকেল কুরিল্লা বলেছিলেন, গাজায় যাই হোক তাদের মূল প্রাধান্য বিষয় হলো সেখানে হামাসকে নির্মূল করা।
এছাড়া ২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর তিনি সিরিয়ার আল-হোল শরণার্থী ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন। তিনি ওই সময় মন্তব্য করেছিলেন, এটি এটি টাইম বোমা। যদি ক্যাম্পের মানুষকে পুনর্বাসন না করা হয় তাহলে ভবিষ্যতে এখান থেকে আইএসআইএসের যোদ্ধা তৈরি হবে। এরমাধ্যমে মূলত ওই ক্যাম্পের মুসলিম শিশুদের তিনি ভবিষ্যৎ সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছিলেন।
এরআগে ২০২৫ সালে পাকিস্তানও তাকে নিশান-ই-ইমতিয়াজ (সামরিক) পুরস্কার দিয়েছিল।
সূত্র: আরব নিউজ
এমটিআই