নতুন কোনও স্নায়ুযুদ্ধ চায় না ব্রাজিল : লুলা

ব্রাজিল ‘নতুন কোনও স্নায়ুযুদ্ধ’ চায় না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে রোববার ওই মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে বিশ্বের সব দেশকে সমানভাবে দেখতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতে তিন দিনের সফর শেষে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে লুলা বলেন, ‘‘আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই, আমরা নতুন কোনও স্নায়ুযুদ্ধ চাই না। আমরা অন্য কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। আমরা চাই, সব দেশকে সমানভাবে দেখা হোক।’’
আগামী মার্চের প্রথম সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার প্রত্যাশা করেছেন ব্রাজিলের এই প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক ওই বৈঠকের আলোচ্যসূচিতে বাণিজ্য, অভিবাসন, বিনিয়োগ এবং বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে অংশীদারত্ব বাড়ানোর বিষয় থাকতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বামপন্থী এই দক্ষিণ আমেরিকান নেতা বিভিন্ন সময়ে ট্রাম্পের সঙ্গে নানা বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন। রিপাবলিকান দলীয় প্রেসিডেন্টের আরোপিত শুল্ক, গাজায় ইসরায়েলের যুদ্ধ, যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক এবং ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ গঠন নিয়েও সমালোচনা করেছিলেন তিনি।
শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আরোপিত বৈশ্বিক শুল্ক বাতিলের যে রায় দিয়েছে, সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন লুলা। ওই রায়ের পর ট্রাম্প বলেছিলেন, ভিন্ন একটি আইনের আওতায় তিনি নতুন করে ১৫ শতাংশ শুল্ক আরোপ করবেন।
তবে লুলা বলেন, আমি মনে করি, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের সম্পর্ক আরও ভালো অবস্থানে যাবে।
সূত্র: রয়টার্স।
এসএস