পাকিস্তানে পাল্টা হামলার হুমকি আফগানিস্তানের

আফগানিস্তানে সশস্ত্র বিভিন্ন গোষ্ঠীর ‘ক্যাম্প ও আশ্রয়স্থল’ লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। রোববার ভোরের দিকের এই হামলায় আফগানিস্তানে কমপক্ষে ১৮ জন নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছেন।
পাকিস্তানে সাম্প্রতিক একাধিক হামলার সঙ্গে জড়িত আফগান সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের সামরিক বাহিনীর এই হামলার যথাযথ জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তালেবান।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছে, দেশটির সেনাবাহিনী পাকিস্তানি তালেবান টিটিপি ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোর সাতটি ক্যাম্প ও আশ্রয়স্থলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে।
দেশটির এই মন্ত্রণালয় বলেছে, খোরাসান প্রদেশভিত্তিক আইএসআইএলের সহযোগী সংগঠন আইএসকেপিকে নিশানা করেও হামলা চালানো হয়েছে। চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছিল এই গোষ্ঠীটি।
ইসলামাবাদসহ উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর ও বান্নু জেলায় সাম্প্রতিক সব হামলা ‘আফগানিস্তান-ভিত্তিক নেতা ও নিয়ন্ত্রকদের নির্দেশে’ পরিচালিত হয়েছে। এ বিষয়ে তাদের কাছে ‘চূড়ান্ত প্রমাণ’ রয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সীমান্তবর্তী নানগরহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের চালানো হামলার নিন্দা জানিয়ে বলেছে, এতে ‘একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক ঘরবাড়ি’ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ‘নারী ও শিশুসহ বহু মানুষ হতাহত’ হয়েছেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের এই হামলাকে ‘আন্তর্জাতিক আইন ও সুপ্রতিবেশীসুলভ নীতির লঙ্ঘন’ আখ্যা দিয়ে পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বেসামরিক নাগরিক ও ধর্মীয় স্থাপনা লক্ষ্য করে হামলার জন্য আমরা পাকিস্তানি সেনাবাহিনীকে দায়ী করছি। আমরা উপযুক্ত ও পরিমিত প্রতিক্রিয়া জানাব।
নানগরহারের বিহসুদ জেলায় হামলার স্থান থেকে আল জাজিরার সাংবাদিক নাসের শাদিদ বলেছেন, অন্তত ১৭ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়া আরও ছয়জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি বলেন, আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকায় একটি ধর্মীয় প্রতিষ্ঠানেও হামলা হয়েছে। সেখানে হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া পাকিস্তানের হামলায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হতাহতের বিষয়েও এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।
সূত্র: এএফপি, আলজাজিরা।
এসএস