ইসরায়েলে অবতরণ করল যুক্তরাষ্ট্রের এক ডজন এফ-২২ স্টিলথ যুদ্ধবিমান

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলের একটি বিমানঘাঁটিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের ১২টি এফ-২২ স্টিলথ যুদ্ধবিমান।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ক্ষিপ্রতা ও শত্রুপক্ষকে ধোঁকা দিতে পারার কারণে এফ-২২ যুদ্ধবিমানকে বিশ্বের অন্যতম সেরা বিমান হিসেবে বিবেচনা করা হয়। নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে এই যুদ্ধবিমান বিশ্বের অন্য কোনো দেশের কাছে বিক্রি করে না যুক্তরাষ্ট্র।
এ যুদ্ধবিমান স্থল হামলার পাশাপাশি ইলেকট্রিক যুদ্ধেও পারদর্শী।
যুক্তরাষ্ট্র গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি জড়ো করছে। এর অংশ হিসেবে বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজের বিশাল বহর অঞ্চলটিতে নিয়ে আসা হয়েছে। এখন এলো এফ-২২ স্টিলথ যুদ্ধবিমান।
এদিকে আগামী কয়েকদিনের মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক রাউন্ড আলোচনা হবে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শুরু হওয়ার আগে এটিই আলোচনার শেষ সুযোগ হতে পারে। যদি এ আলোচনা থেকে দুই দেশ কোনো চুক্তিতে না পৌঁছাতে পারে তাহলে মার্কিন সেনারা ইরানে হামলা শুরু করতে পারেন।
ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র প্রথমে সীমিত হামলা চালাবে। এরপর ইরানকে নিজেদের শর্ত অনুযায়ী চুক্তিতে বাধ্য করা হবে। এরপরও যদি ইরান রাজি না হয় তাহলে বড় আকারে হামলা শুরু হবে।
ইসরায়েলি এক গোয়েন্দা কর্মকর্তা গতকাল জানিয়েছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বর্তমানে যে শক্তি জড়ো করেছে সেটি দিয়ে তারা ইরানে টানা চার থেকে পাঁচদিন তীব্র হামলা চালাতে পারবে।
সূত্র: জেরুজালেম পোস্ট
এমটিআই