ব্রিটেনে কাজের ভিসা কমেছে ১৯ শতাংশ, বেড়েছে অবৈধ প্রবেশ

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এক বছরে যুক্তরাজ্যের ওয়ার্ক ভিসা বা কাজের ভিসা ইস্যুর হার আগের বছরের তুলনায় ১৯ শতাংশ কমেছে। বৃহস্পতিবার দেশটির সরকারের প্রকাশিত পরিসংখ্যানে ভিসা নীতিতে কঠোরতার চলমান প্রভাবের কারণে ভিসা ইস্যুর হার কমেছে বলে জানানো হয়েছে।
দেশটিতে বৈধ অভিবাসন সীমিত করার লক্ষ্যে আগের বিভিন্ন সরকার ভিসার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা চালিয়েছে। একই সঙ্গে ছোট নৌকায় করে অবৈধভাবে অভিবাসীদের প্রবেশ ঠেকানো এবং এভাবে যারা দেশে ঢুকছে, তাদের ফেরত পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
বিভিন্ন জনমত জরিপে বর্তমানে ক্ষমতাসীন লেবার পার্টি অভিবাসন বিরোধী প্রচারণায় সোচ্চার নাইজেল ফারাজের পপুলিস্ট দল রিফর্ম ইউকের পেছনে অবস্থান করছে। এর ফলে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তীব্র চাপের মুখে রয়েছেন।
প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, দেশটিতে ২০২৫ সালে ১ লাখ ৬৮ হাজার কাজের ভিসা ইস্যু করা হয়েছে। যা ২০২৪ সালের তুলনায় ১৯ শতাংশ এবং ২০২৩ সালের তুলনায় ৫০ শতাংশ কম।
স্বাস্থ্য ও সেবা খাতে ভিসা ইস্যুর হার গত বছরের তুলনায় অর্ধেক হয়ে গেছে। এছাড়া অন্যান্য দক্ষ কর্মীদের ক্ষেত্রে ভিসা কমেছে ৩৬ শতাংশ।
এটি আগের বছর প্রকাশিত অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের পরিসংখ্যানের ধারাবাহিকতা। যেখানে দেখা যায়, ওই বছরের জুন পর্যন্ত এক বছরে ব্রিটেনে দীর্ঘমেয়াদি নিট অভিবাসন দুই-তৃতীয়াংশেরও বেশি কমে গেছে।
ওই বছরে অবৈধ পথে যুক্তরাজ্যে ৪৬ হাজার ৪৯৭ জনের প্রবেশ শনাক্ত করা হয়েছে, যা আগের বছরের চেয়ে ৭ শতাংশ বেশি। এর মধ্যে ৮৯ শতাংশই দেশটিতে পাড়ি জমিয়েছেন ছোট নৌকায় করে।
একই সময়ে দেশটিতে আশ্রয়ের আবেদন করেছেন ১ লাখ ৬২৫ জন। আশ্রয় আবেদনের এই সংখ্যা আগের বছরের তুলনায় ৪ শতাংশ কম। গত এক বছরে যুক্তরাজ্য থেকে জোরপূর্বক বিতাড়নের হার ২১ শতাংশ বেড়ে ৯ হাজার ৯০০ জনে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স।
এসএস