চূড়ান্ত বিজয় নিকটে, বললেন ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলার পর এ নিয়ে মন্তব্য করেছেন দেশটির শেষ শাহ শাসকের ছেলে ও নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। তিনি বলেছেন ইরানে তাদের চূড়ান্ত বিজয় এখন নিকটে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে রেজা বলেছেন, “আমার প্রিয় জনগণ, সামনে ভালো মুহূর্ত রয়েছে। ইরানের সাহসী মানুষকে সহায়তার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি অবশেষে এসেছে। এটি (হামলা) একটি মানবিক হস্তক্ষেপ। আর এটি লক্ষ্য হলো ইসলামিক প্রজাতন্ত্র ও তার অত্যাচারী ও রক্তপিপাসু বাহিনীকে রুখে দেওয়া। এই হামলার লক্ষ্য ইরানের সাধারণ মানুষকে ক্ষতি করা নয়।”
“যদিও যুক্তরাষ্ট্রের সহায়তা এসেছে, কিন্তু চূড়ান্ত বিজয় নির্ধারিত হবে আমাদের দ্বারা। আমরা ইরানিদের এটির শেষ করতে হবে। রাজপথে নেমে আসার সময় এসেছে।”
দেশটির নিরাপত্তাবাহিনীর উদ্দেশে তিনি বলেছেন, “আপনাদের কাজ হলো মানুষকে রক্ষা করা। কোনো সরকারকে নয়, যেটি আমাদের মাতৃভূমিকে নির্যাতন ও অত্যাচারের মাধ্যমে জিম্মি করে রেখেছে। সাধারণ মানুষে সঙ্গে যোগ দিন এবং ক্ষমতার নিরাপদ হস্তান্তরে সহায়তা করুন। নয়ত আপনারা খামেনি এবং তার সরকারের ভাঙা জাহাজের সঙ্গে ডুবে যাবেন।”
এছাড়া উপযুক্ত সময়ে তার নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষকে রাস্তায় নামার জন্য প্রস্তুত থাকতেও বলেছেন যুক্তরাষ্টে অবস্থান করা রেজা পাহলভি।
এমটিআই