সিরিয়ায় বিস্ফোরণে নিহত ৫

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েদাতে একটি গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের গুদামে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার সুয়েদার ওই ক্ষেপণাস্ত্রে কারাখানায় বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম খবর দিয়েছে। এর আগে প্রাথমিক প্রতিবেদনে সুয়েদায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছিল।
সিরিয়ার নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাত দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, ‘‘সুয়েদা শহরে ন্যাশনাল গার্ডের একটি গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের গুদামে বিস্ফোরণ ঘটেছে।
দেশটির দ্রুজ সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রিত বাহিনী ন্যাশনাল গার্ড। যারা বর্তমানে সুয়েদা অঞ্চল নিয়ন্ত্রণ করছে। ওই বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা বলেছিল, সুয়েদার একটি ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হয়েছেন।
এদিকে, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সৈন্যদের ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় ব্যবহৃত বেশিরভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করার দাবি করেছে দেশগুলো। তবে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে অন্তত একজনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলে জানিয়েছে ইরান। এর ফলে ওই অঞ্চলে নতুন দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, এটি আমেরিকার যুদ্ধ নয়। অন্যদিকে, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক ফোনালাপে ‘‘তাৎক্ষণিকভাবে উত্তেজনা বন্ধের’’ আহ্বান জানিয়েছেন।
সূত্র: এএফপি, রয়টার্স।
এসএস