ইসরায়েল বলছে খামেনি মারা গেছেন, ইরান বলছে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি বেঁচে আছেন নাকি মারা গেছেন এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। দখলদার ইসরায়েলের কর্মকর্তারা দাবি করেছেন, শনিবার সকালে তার প্রাসাদে হামলা চালানো হলে তিনি প্রাণ হারান। ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে এ খবর প্রকাশ করে বার্তাসংস্থা রয়টার্স।
তবে এর কিছুক্ষণপরই ইরানের দুই সংবাদমাধ্যম তাসনিম নিউজ এবং মেহের নিউজ দেশটির সরকারি সূত্রের বরাতে জানান খামেনি বেঁচে আছেন এবং তিনি দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন।
বার্তাসংস্থা রয়টার্সও পরবর্তীতে তাদের খবরের শিরোনাম পরিবর্ত করে লিখে ‘ইসরায়েলিরা বলছে খামেনি মারা গেছেন, ইরানিরা বলছে তিনি ময়দানে নেতৃত্ব দিচ্ছেন’।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছিল, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে। তিনি তার প্রাসাদের কমাউন্ডে প্রাণ হারিয়েছেন। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করেছে ইরানি উদ্ধারকারীরা।
শনিবার সকালের দিকে খামেনির প্রাসাদ লক্ষ্য বড় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস পরবর্তীতে স্যাটেলাইটের একটি ছবি প্রকাশ করে। এতে দেখা গেছে খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
কিন্তু এখন দুই পক্ষের কাছ থেকে দুই ধরনের তথ্য পাওয়া যাচ্ছে।
এমটিআই