ইসরায়েলে রকেট হামলা দায়িত্বহীন : লেবাননের প্রধানমন্ত্রী

ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলার কঠোর সমালোচনা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। এই হামলা লেবাননের নিরাপত্তাকে আরও বেশি সংকটের মুখে ফেলেছে বলেও মন্তব্য করেছেন তিনি।
ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ আক্রমণ শুরু হওয়ার পর বাংলাদেশ সময় সোমবার ভোরে উত্তর ইসরায়েলের বন্দরনগরী হাইফা ও আশপাশের অঞ্চল লক্ষ্য করে রকেট ছোড়া হয় লেবানন থেকে। কারা রকেট ছুড়েছে তা এখনো নিশ্চিত নয়। তবে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলর দাবি, রকেট ছুড়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুললাহ।
হিজবুল্লাহ অবশ্য এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর এই প্রথম লেবানন থেকে রকেট ছোড়া হয়েছে ইসরায়েলে।
গতকাল রোবববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নাওয়াফ বলেন, “এই হামলা ছিল একটি দায়িত্বহীন এবং সন্দেহজনক একটি পদক্ষেপ। এ ধরনের হামলা লেবাননের নিরাপত্তাকে আরও বেশি বিপন্ন করে তোলে এবং ইসরায়েরকে আগ্রাসন চালিয়ে যাওয়ার আজুহাত যোগায়।”
“আমরা লেবাননকে আর নতুন কোনো অ্যাডভেঞ্চারে যুক্ত করতে চাই না, এবং লেবাননের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা জরুরি পদক্ষেপ নিচ্ছি”, এক্সবার্তায় বলেন নাওয়াফ।
সূত্র : আলজাজিরা
এসএমডব্লিউ