মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্রে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জেনারেল ইব্রাহিম জাব্বারি ওই হুমকি দিয়েছেন।
তিনি বলেন, ‘‘আমরা শত্রুকে বলছি, তারা যদি আমাদের প্রধান কেন্দ্রগুলোতে আঘাত হানার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা এই অঞ্চলের সবকটি অর্থনৈতিক কেন্দ্রে আঘাত হানব।’’
জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন, ‘‘আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছি। বর্তমানে তেলের দাম ৮০ ডলারের ওপরে এবং এটি শিগগিরই ২০০ ডলারে পৌঁছাবে। ২০২৪ সালের জুলাইয়ের পর প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৮৫ ডলার ছাড়িয়েছে।
• ইরানের হামলায় পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন
ইরানের প্রতিশোধমূলক ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সামরিক কর্মকর্তা ও সদস্য নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে চালানো হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির এই অভিজাত বাহিনী।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি বলেছেন, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর সদরদপ্তর এবং যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ ইরানের উপকূলীয় জলসীমা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।
নায়েইনি বলেন, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরে একাধিকবার আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। তিনি বলেন, বাহরাইনে একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো এক হামলায় ১৬০ মার্কিন সদস্য হতাহত হয়েছেন। এছাড়া ইরানের নৌবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন নৌবাহিনীর এমএসটি কমব্যাট সাপোর্ট জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইআরজিসির এই মুখপাত্র বলেন, দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ রণতরী লক্ষ্য করে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের নৌবাহিনী। নায়েইনি বলেন, এই হামলার পর রণতরীটি ভারত মহাসাগরের দক্ষিণ-পূর্ব দিকে পালিয়ে গেছে।
সূত্র: এএফপি, তাসনিম নিউজ এজেন্সি।
এসএস