ইরানকে তুরস্কের হুঁশিয়ারি, হামলার নিন্দা জানালো ন্যাটো

তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ছোড়া একটি ইরানি ক্ষেপণাস্ত্র ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার পর তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা। যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, এমন যেকোনও পদক্ষেপ থেকে বিরত থাকতে ইরানকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে টেলিফোন করে উদ্বেগ জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। টেলিফোনে আব্বাস আরাঘচিকে তিনি বলেছেন, ‘‘সংঘাত ছড়িয়ে পড়তে পারে এমন যেকোনও পদক্ষেপ এড়িয়ে চলা উচিত।’’
• তুরস্ককে নিশানা বানানোর নিন্দায় ন্যাটো
এদিকে, আঙ্কারার আকাশসীমার দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র জোটের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। জোটের সদস্য দেশ তুরস্ককে ‘‘লক্ষ্যবস্তু’’ করায় ইরানের তীব্র নিন্দা জানিয়েছে ন্যাটো।
জোটের মুখপাত্র অ্যালিসন হার্ট বলেন, ‘‘আমরা তুরস্ককে লক্ষ্যবস্তু করায় ইরানের নিন্দা জানাই। অঞ্চলজুড়ে ইরানের এমন নির্বিচার হামলার মুখে তুরস্কসহ সকল মিত্র দেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে ন্যাটো।’’
তিনি বলেন, ‘‘আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ সব ক্ষেত্রেই আমাদের প্রতিরোধ ও প্রতিরক্ষা অবস্থান অত্যন্ত শক্তিশালী।’’
• তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা। তবে ওই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছানোর আগে পশ্চিমা সামরিক জোট ন্যাটো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
বুধবার তুরস্কের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইরাক ও সিরিয়ার আকাশসীমায় ধ্বংস করেছে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা।
এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘‘ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যা ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সেটিকে শনাক্ত এবং আঘাত হেনে অকেজো করে দেয়।’’
সূত্র: এএফপি।
এসএস