ইরাকের কুর্দিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তেহরান-বিরোধী সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার এক বিবৃতিতে কুর্দিস্তানে ইরান-বিরোধী গোষ্ঠীর ওপর হামলা চালানোর তথ্য জানিয়েছে আইআরজিসি।
বিবৃতিতে আইআরজিসি বলেছে, স্থানীয় সময় বেলা ১১টার দিকে ইরাকের কুর্দিস্তানে তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়ে কোমালা এবং অন্যান্য প্রতিবিপ্লবী গোষ্ঠীর ঘাঁটি ও সদরদপ্তরে সফলভাবে আঘাত হানা হয়েছে।
গত মাসে ইরাকে নির্বাসিত কয়েকটি কুর্দি-বিরোধী গোষ্ঠী একটি রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছিল। তাদের এই জোটের লক্ষ্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের বর্তমান সরকারকে উৎখাত এবং নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করা।
এই গোষ্ঠীর হাজার হাজার সদস্য ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা শুরুর আগেই ইরানে অবৈধ অনুপ্রবেশ করেছে বলে বুধবার মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ইরান-বিরোধী বিদ্রোহী গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহ করেছে। এই সদস্যরা ইরানের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
• তুরস্কের আকাশসীমায় ইরানের ক্ষেপণাস্ত্র, হুঁশিয়ারি আঙ্কারার
এদিকে, ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা। তবে ওই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছানোর আগে পশ্চিমা সামরিক জোট ন্যাটো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
বুধবার তুরস্কের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইরাক ও সিরিয়ার আকাশসীমায় ধ্বংস করেছে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা।
এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘‘ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল; যা ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সেটিকে শনাক্ত এবং আঘাত হেনে অকেজো করে দেয়।’’
তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার পর তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা। যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, এমন যেকোনও পদক্ষেপ থেকে বিরত থাকতে ইরানকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: এএফপি।
এসএস