যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানে স্থল হামলা শুরু কুর্দিদের

যুক্তরাষ্ট্রের মদদ ও সহায়তায় ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে স্থল হামলা শুরু করেছে ইরানি কুর্দিরা। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের সাংবাদিক বারাক রেভিড মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছেন, “ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ইরানি কুর্দিরা স্থল হামলা শুরু করেছে।
ইরাক ও ইরানের সীমান্তবর্তী এলাকায় কুর্দিদের শক্তিশালী অবস্থান। গত কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্র কুর্দিদের দিয়ে ইরানে স্থল হামলার পরিকল্পনা করে আসছে। মার্কিনিদের লক্ষ্য— কুর্দিদের দিয়ে ইরানের নিরাপত্তাবাহিনীকে হত্যা করা এবং সরকার পতনের ক্ষেত্র তৈরি করা। তাদের পরিকল্পনায় রয়েছে, কুর্দি বাহিনী ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার পর সাধারণ মানুষকে সরকার পতনের জন্য রাজপথে নেমে আসার আহ্বান জানানো হবে।
সংবাদমাধ্যম আলজাজিরা বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত প্রায় ৪টার দিকে জানায়, কুর্দিদের স্থল হামলা শুরুর ব্যাপারে তারা নিশ্চিতভাবে কিছু জানাতে পারছে না। কিন্তু বেশ কিছু বিষয় ইঙ্গিত করছে কুর্দিদের হামলা ইতিমধ্যে শুরু হয়েছে।
সংবাদমাধ্যমটি বলেছে, কুর্দিদের নেতা বাফেল তালাবানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানি মন্ত্রী কুর্দি নেতাকে বলেছেন, “ইরাক-ইরান সীমান্তে জঙ্গিদের কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে।”
সূত্র: আলজাজিরা
এমটিআই