জনসাধারণের জ্বালানি কোটা কাটছাঁট করল ইরান

তেলের ডিপোতে হামলার পর জনসাধারণের জ্বালানি কোটা কাটছাঁট করেছে ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের জাতীয় বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
ইরানে সাধারণ জনগণের জন্য সরকারি জ্বালানি কার্ডের ব্যবস্থা রয়েছে। যারা এই কার্ডের অধিকারী, তারা মাসে ৩০ লিটার পর্যন্ত জ্বালানি তেল নামমাত্র মূল্যে কিনতে পারেন।
সরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সাধারণ জনগণ ৩০ লিটারের পরিবর্তে ২০ লিটার তেল নামমাত্র মূল্যে কিনতে পারবেন।
গতকাল শনিবার তেহরান এবং আবরোজ শহরের চারটি জ্বালানি তেলের ডিপোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সেনাবাহিনী। হামলায় ডিপোগুলো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
শনিবারের হামলার প্রেক্ষিতেই জ্বালানি কাটছাঁটের সিদ্ধান্ত সরকার নিয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল।
সূত্র : আনাদোলু এজেন্সি
এসএমডব্লিউ